ওমান সফর শেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গেছেন। এ সময় তিনি যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (২৬ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে, এর আগে গতকাল আরাঘচি ইসলামাবাদ ত্যাগ করেছিলেন। এরপর তিনি ওমান সফর শেষ করে আবার দেশটিতে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ‘ইরানের ওপর যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা’ নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন।
আরাঘচির প্রস্থানের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে তার প্রতিনিধিদের সফর বাতিলের ঘোষণা দেন। এই প্রেক্ষাপটে আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে সত্যিই আন্তরিক কি না, তাই এখন দেখার বিষয়।’
এর আগে ট্রাম্প জানান, একটি শান্তি চুক্তিতে আসতে এটা ইরানের জন্য শেষ সুযোগ। তিনি আরও বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ভুলের পুনরাবৃত্তি করবেন না।
২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাকে ট্রাম্প শুরু থেকেই ‘ভুল পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে আসছেন।
চুক্তিতে সই না করলে পরিণাম কী হতে পারে, সে সম্পর্কে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটিকে উড়িয়ে দেওয়া হবে।’


-1778455118-16678_1778455263.webp)

