জ্বালানি তেলের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ করে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার মতে, আমেরিকানদের প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ রয়েছে এমন দেশগুলোর নেতাদের হত্যা বা অপহরণ করা যুক্তরাষ্ট্রের স্বভাব।
শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন যে ইরান ও ভেনিজুয়েলার মতো দেশগুলোতে মার্কিন সামরিক হস্তক্ষেপের মূল উদ্দেশ্য যে 'তেল', তা যুক্তরাষ্ট্র এখন আর গোপন রাখছে না। সম্প্রতি পাবলিক টেলিভিশন অব রাশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এই সাক্ষাৎকারটি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কেউ তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। তারা কেবল নিজেদের কল্যাণের কথাই চিন্তা করে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, আমেরিকানদের প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ রয়েছে এমন দেশগুলোর নেতাদের হত্যা, অপহরণ বা এসব দেশে অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে যুক্তরাষ্ট্র সদা প্রস্তুত।
তিনি বলেন, ভেনেজুয়েলা ও ইরানে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করেছে। এ সময় আমেরিকানরা কোনো রাখঢাক না রেখেই জানিয়েছে যে এসব দেশের জ্বলানি তেল সম্পদের কারণে তারা এসব কাজ করেছে। তাদের মূল লক্ষ্য হলো তেল। বিশ্ব জ্বালানি বাজারে আধিপত্য বিস্তারই তাদের মূল কৌশল বা ডকট্রিন।
লাভরভের মতে, যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক আইনের আর কোনো অস্তিত্ব অবশিষ্ট নেই। আন্তর্জাতিক আইনের পরিবর্তে বর্তমানে বিশ্বজুড়ে এখন 'জোর যার মুল্লুক তার' নীতির প্রতিফলন দেখা যাচ্ছে।


-1778455118-16678_1778455263.webp)

