যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ রাতে ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধিদল। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো বিষয়টি জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় পর্বে অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল ইতোমধ্যে ইসলামাবাদে অবস্থান করছে।
দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম ‘ডন’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি একটি ছোট প্রতিনিধিদল নিয়ে আজ রাতেই পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এই সফরটি মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সরাসরি বা পরোক্ষ আলোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হওয়া সম্ভব। ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশটির সঙ্গে আলোচনা হতে পারে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি কর্মকর্তারা তাদের বলেছেন, আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এই আলোচনা শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্ট যখন এ বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চায়, তখন মার্কিন প্রেসিডেন্ট একটি খুদেবার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে উত্তর দেন: ‘এ সময়ের মধ্যে আলোচনার সম্ভাবনা আছে!’


-1778455118-16678_1778455263.webp)

