লেবানন সীমান্তে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও হিজবুল্লাহ একে-অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে। এ সময় ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হন। এ ছাড়া হিজবুল্লাহ ইসরায়েলের শতুলা এলাকায় রকেট হামলা চালিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে তারা লেবানন থেকে ছোড়া বেশ কিছু মিসাইল/রকেট আকাশেই ধ্বংস করেছে। এ সময় উত্তর ইসরায়েলের শতুলা এলাকায় সতর্কসংকেত বা সাইরেন বেজে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলি বিমানবাহিনীর একটি উড়োজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করার সময় তাদের হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়েছে।
ইসরায়েলের দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’।
অন্যদিকে, হিজবুল্লাহ টেলিগ্রামে এক বার্তার মাধ্যমে নিশ্চিত করেছে যে তারা শতুলা এলাকায় রকেট হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, এটা ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে হওয়া ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ পাল্টা জবাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায়ও তারা উত্তর ইসরায়েলে রকেট ছোড়ার কথা জানায়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, আজ (শুক্রবার) সকালে দক্ষিণ লেবাননের টায়ার শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উভয়পক্ষের এই পাল্টাপাল্টি হামলা ও অভিযোগের ফলে মধ্যপ্রাচ্যে সদ্য ঘোষিত এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।


-1778455118-16678_1778455263.webp)

