ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। তবে এবারও আলোচনার টেবিলে বসতে শর্ত জুড়ে দিয়েছে তেহরান। এই শর্ত না মানলে আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েও দিয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রসঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানান, উভয় পক্ষ একটি অভিন্ন কাঠামোতে সম্মত না হওয়া পর্যন্ত এ আলোচনা হতে পারে না।
তিনি বলেন, কাঠামোর বিষয়ে একমত না হওয়া পর্যন্ত আমরা তারিখ নির্ধারণ করতে পারব না। আলোচনায় ইরান যা কিছুতেই সম্মত হোক না কেন, তাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার অধিকার অবশ্যই সংরক্ষিত থাকতে হবে। ইরান নিজের অধিকার পরিত্যাগ করবে না।
নাম প্রকামে অনিচ্ছুক এক ইরানি সূত্র দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে জানান, প্রথম দফার আলোচনার সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উত্থাপন করেছিল এবং আলোচনা চালিয়ে যাওয়ার অন্যতম শর্ত হিসেবে সেই দাবিগুলো প্রত্যাহার করার কথা বলেছে। তেহরান এখনও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় রাজি হয়নি।
তিনি বলেন, আমরা পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে দ্বিতীয় দফায় আমাদের অসম্মতির কথা মার্কিন পক্ষকে জানিয়েছি। তেহরান এটাও স্পষ্ট করে দিয়েছে যে, তারা ফলপ্রসূ নয়—এমন দীর্ঘস্থায়ী আলোচনায় সময় নষ্ট করতে চায় না।
এর আগে, দ্বিতীয় দফার আলোচনার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম সিএনএন। এই আলোচনাও পাকিস্তানের রাজধানী ইসলামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ১১ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ আলোচনা নির্দিষ্ট কোনো চুক্তি ছাড়াই শেষে হয়েছে। তার আগে গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। পরে ইসরায়েলও যুদ্ধবিরতি সমর্থন করে।


-1778455118-16678_1778455263.webp)

