লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরান। তবে ইরানের সমুদ্র বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ আবারও বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা ফার্স নিউজকে এ তথ্য জানিয়েছে ইরানি কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্রতা জানান, যদি ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকে, তবে তেহরান এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করবে। ফলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেবে ইরান।
এর আগে সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ পুরোপুরি খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তিনি বলেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরণের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ পুরোপুরি খোলা থাকবে।
এক্স পোস্টে আরাঘচি আরও বলেন, যুদ্ধবিরতির বাকি দিনগুলোতে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারবে।
তবে এই চলাচলের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে ইরান। ইসলামিক রিপাবলিক অব ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট বা পথ আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল এই নির্ধারিত পথ অনুসরণ করেই জাহাজগুলো যাতায়াত করতে পারবে।
এ ছাড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। ইরানের এক সিনিয়র সামরিক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, এখন থেকে হরমুজ প্রণালি অতিক্রম করতে হলে আইআরজিসির অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
আরাঘচির ঘোষণার পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ পুরোপুরি খোলা থাকেলেও নৌ অবরোধ বহাল থাকবে। বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি প্রস্তুত। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে না যাওয়া পর্যন্ত ওয়াশিংটনের নৌ অবরোধ বলবৎ থাকবে।
ট্রাম্প আরও বলেন, চুক্তির এই প্রক্রিয়াটি খুব দ্রুতই সম্পন্ন হবে। তার মতে, চুক্তির অধিকাংশ শর্ত ও বিষয় নিয়ে ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। ফলে এখন কেবল আনুষ্ঠানিক সমঝোতার অপেক্ষা।
সূত্র: আলজাজিরা, রয়টার্স


-1778455118-16678_1778455263.webp)

