যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দরে জাহাজ আসা-যাওয়ার ওপর নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন। এরপর আমেরিকান সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো নৌযান প্রবেশ করলে বা বের হলে তা আটক, পথ পরিবর্তন কিংবা বাজেয়াপ্ত করা হতে পারে। ঠিক এমন একটি সময়ে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টি শিপ মিসাইলের (যুদ্ধজাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র) পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনী সফলভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য একটি অ্যান্টি শিপ মিসাইলের পরীক্ষা সম্পন্ন করেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে জানানো হয়েছে, এই সফল উৎক্ষেপণ দেশটির নিখুঁত হামলা চালানোর সক্ষমতা এবং যুদ্ধের প্রস্তুতির এক উজ্জ্বল প্রতিফলন।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মিসাইলটি অত্যন্ত উচ্চগতিতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হেনেছে। এটি পাকিস্তান নৌবাহিনীর উচ্চতর সক্ষমতা এবং দৃঢ় প্রস্তুতিরই প্রমাণ।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভেদ আশরাফ, জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীদের সঙ্গে উপস্থিত থেকে এই মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করেন।
আইএসপিআরের বিবৃতিতে আরও জানানো হয়, এই মিসাইলটিতে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এবং উন্নত পরিচালনা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে এটি শত্রুপক্ষের হুমকি এড়িয়ে এবং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ‘এই দেশীয় মিসাইলের সফল উৎক্ষেপণ প্রযুক্তিগত উৎকর্ষ এবং সামরিক দক্ষতার এক অনন্য সমন্বয়।’ এই পরীক্ষাটি ওই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি নির্ভরযোগ্য সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পাকিস্তানের অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।
এই মাইলফলক অর্জনে অংশ নেওয়া ইউনিট এবং বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ছাড়া জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানসহ অন্যান্য বাহিনী প্রধানরাও সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালির পূর্ব অংশে অবস্থিত আরব সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি নৌ অবরোধ কার্যকর করবে। নাবিকদের প্রতি প্রেরিত এক নোটিশে সেন্টকম জানিয়েছে, সরকারি-বেসরকারি সব ধরনের নৌযান এই অবরোধের আওতায় থাকবে।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো নৌযান প্রবেশ করলে বা বের হলে তা আটক, পথপরিবর্তন কিংবা বাজেয়াপ্ত করা হতে পারে।


-1778455118-16678_1778455263.webp)

