যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন। এরপর ইরানে পরমাণু হামলার শঙ্কা তৈরি হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে।
ইরানে পরমাণু হামলার বিষয়টি নাকচ করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে, ইরানে সামরিক অভিযান পরিচালনা নিয়ে জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যে পরমাণু হামলার কোনো ইঙ্গিত ছিল না ।
মঙ্গলবার (৭ এপ্রিল) এএফপির প্রতিবেদন অনুসারে এ খবর পাওয়া গেছে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কঠোর আলটিমেটাম কার্যকর করার বিষয়ে কথা বলতে গিয়ে জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, মার্কিন বাহিনীর কাছে এমন কিছু ‘হাতিয়ার’ বা সক্ষমতা রয়েছে যা তারা ‘এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেয়নি।’
তার এই বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেয় সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট। সেখানে দাবি করা হয়, ভ্যান্সের কথায় ট্রাম্প কর্তৃক ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের’ ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে হোয়াইট হাউস এক্সে লেখে, ভাইস প্রেসিডেন্ট এখানে যা বলেছেন, তার মধ্যে আক্ষরিক অর্থেই এমন কোনো ‘ইঙ্গিত’ নেই।


-1778455118-16678_1778455263.webp)

