
নাৎসি স্লোগান ও রাজপরিবারের সদস্যদের নাম খোদাই করা কুড়ালের আঘাতে দুই ডাচ রাজকন্যাকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন একজনকে আটক করেছে নেদারল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাচ সিংহাসনের উত্তরসূরি রাজকন্যা ক্যাথরিনা-আামালিয়া এবং তার বোন রাজকন্যা আলেক্সিয়ার ওপর হামলার প্রস্তুতিকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, ৩৩ বছর বয়সি ওই সন্দেহভাজন ব্যক্তি রাজকন্যাদের লক্ষ্য করে একটি ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। তবে এই পরিকল্পনা কার্যকর করার আগে পুলিশ তাকে ধরে ফেলতে সক্ষম হয়।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত ব্যক্তির কাছ থেকে কিছু আশ্চর্যজনক আলামত উদ্ধার করেছে গোয়েন্দারা।
দ্য হেগের পাবলিক প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির কাছ থেকে দুটি কুড়াল উদ্ধার করা হয়েছে। কুড়াল দুটিতে অত্যন্ত সুক্ষ্মভাবে খোদাই করে লেখা ছিল রাজকন্যা ‘আলেক্সিয়া’ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর নাম। এ ছাড়া সেখানে নাৎসি আমলের কুখ্যাত স্লোগান ‘সিগ হেইল’ খোদাই করা ছিল।
তদন্তকারীরা আরও জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একটি হাতে লেখা চিরকুটও পাওয়া যায়। সেখানে বড় রাজকন্যা আমালিয়া ও ছোট রাজকন্যা আলেক্সিয়ার নামের পাশাপাশি ইংরেজিতে ‘ব্লাডবাথ’ বা রক্তগঙ্গা কথাটি লেখা ছিল।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ডাচ রাজপরিবারের নিরাপত্তা নিয়ে এর আগেও উদ্বেগ দেখা দিয়েছিল। তবে এবারের এই নাৎসি স্লোগানসংবলিত অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনাটি পুরো ইউরোপে উগ্র ডানপন্থিদের উত্থান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে এই ষড়যন্ত্রের পেছনে আর কেউ জড়িত আছে কি না তা বের করা যায়। এ ঘটনার পর রাজকন্যাদের নিরাপত্তা আরও জোরদার করেছে স্থানীয় প্রশাসন।




