
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শনিবার (২ মে) রাত ১২ মধ্যে বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টি হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকালে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টি হয়েছেন। তবে রাত ১২টার মধ্যে আবারও বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: শনিবার সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। এই বিভাগের কৃষকদের আজ সার কিংবা কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ঢাকা বিভাগ: সকাল ৯টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও উত্তর-পূর্ব দিকের সকল জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। সকাল ১০টার পর থেকে দুপুর ২টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোতে বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় বৃষ্টিপাত হচ্ছে, যা সকাল ১১টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর বিভাগে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি।
রাজশাহী বিভাগ: সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে আশঙ্কা করা যাচ্ছে। দুপুর ৩টার পর থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিভাগের বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলায় সারাদিন একাধিকবার বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে। রোববারও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলায় সকাল ৯টার পর থেকে দুপুর ১টার মধ্যে একবার ও দুপুর ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে আরেকবার বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সব জেলায় দুপুর ১২টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুরের পর থেকে বিকেল ৫টার মধ্যে খুলনা বিভাগের উত্তরের জেলাগুলোতে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় বেলা ১১টার পর থেকে দুপুর ৩টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের আবহাওয়া ভালো হওয়ার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মোস্তফা কামাল পলাশ আরও বলেন, দেশব্যাপী চলমান কালবৈশাখী ও বজ্রপাত রোববার থেকে কমতে শুরু করবে। রোববার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম। সোমবার সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হবে। মঙ্গলবার শুধু ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।




