
এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। তার এই সফরে সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে থেকে সবার আগে বাংলাদেশ লেখা বাসযোগে শহরের পথে যাত্রা করেছেন। প্রথমে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজারে যাবেন।
এর আগে, রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউসসংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় সুরমার নদীর দুই তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণে স্লুইসগেট স্থাপন, ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই খালটি ৪৫ বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজ হাতে খনন করেন।
এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তারেক রহমানের।




