দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কয়েন টস বা মুদ্রা নিক্ষেপের ব্যবহার বহু পুরোনো। ‘হেডস না টেইলস?’ এই সহজ প্রশ্নের উত্তর যেন সবসময়ই ছিল ৫০/৫০ হার বা জিতের সুযোগ। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা এই প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।
নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল বলছে, কয়েন টস পুরোপুরি সমান সম্ভাবনার (৫০/৫০) থাকে না বরং এতে একটি সূক্ষ্ম পক্ষপাত (bias) থাকতে পারে, যা খালি চোখে ধরা পড়ে না।
এই গবেষণার নেতৃত্ব দেন পিএইচডি গবেষক ফ্রান্টিশেক বার্তোস। তাদের দল ৪৬টি ভিন্ন মুদ্রা ব্যবহার করে মোট ৩,৫০,৭৫৭টি কয়েন টস বিশ্লেষণ করে।
ফলাফল ছিল বেশ চমকপ্রদ। প্রায় ৫১% ক্ষেত্রে কয়েনটি যে পাশে শুরু হয়েছিল, সেই পাশেই পড়ে। অর্থাৎ, আপনি টস করার আগে যে দিকটি ওপরে ছিল, সেটি আসার সম্ভাবনা সামান্য বেশি।
এই তত্ত্বটি প্রথম প্রস্তাব করেন পার্সি ওয়ারেন ডিয়াকোনিস, যিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন পরিসংখ্যানবিদ। তিনি দেখান, ভালোভাবে ছোড়া কয়েনও প্রায়ই যেভাবে শুরু হয়, সেভাবেই শেষ হয়ে ফেরে। একে বলা হয় ‘একই দিকের পক্ষপাত’ বা same-side bias।
গবেষকদের মতে, যখন আমরা কয়েন ছুড়ে দিই, তখন সেটি পুরোপুরি নিখুঁতভাবে ঘোরে না। বরং এতে সামান্য দোদুল্যমান বা টালমাটাল অবস্থা (wobble) তৈরি হয়।

এর ফলে, কয়েনটি বাতাসে থাকার সময় বেশি সময় ধরে প্রথম দিকটি ওপরে থাকে। আর তাই, সে দিকেই পড়ার সম্ভাবনা একটু বেড়ে যায়। এই ছোট্ট অসামঞ্জস্যই ৫০/৫০ সম্ভাবনাকে সামান্য পরিবর্তন করে ৫১/৪৯-এর মতো করে দেয়।
পুরোপুরি নয়। বাস্তব জীবনে এই ১% পার্থক্য খুবই ছোট এবং অধিকাংশ ক্ষেত্রে এটি ফলাফলে বড় কোনো প্রভাব ফেলে না। তবে বৈজ্ঞানিকভাবে দেখলে, এটি প্রমাণ করে যে, সম্পূর্ণ এলোমেলো (precession বা random) বলে আমরা যা ভাবি, তা সবসময় পুরোপুরি এলোমেলো নাও হতে পারে।
কয়েন টস এখনো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সহজ এবং জনপ্রিয় একটি পদ্ধতি। তবে নতুন গবেষণা বলছে, এতে সামান্য হলেও পক্ষপাত থাকতে পারে। বিশেষ করে শুরুতে যে পাশটি ওপরে থাকে, সেটির পক্ষে।
তাই মজা করে বলা যায়, পরের বার কয়েন টস করার সময় ‘হেডস না টেইলস’ বলার আগে একবার দেখে নিতে পারেন—কোন পাশটি আগে ওপরে ছিল!
সূত্র : রিডার্স ডাইজেস্ট




