আগামী ১৯ এপ্রিল বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথন’। মূল প্রতিযোগিতার ঠিক এক সপ্তাহ আগে, শনিবার (১১ এপ্রিল) রাতে এই রোবটগুলোর একটি মহড়া বা টেস্ট রান অনুষ্ঠিত হয়েছে।
সিজিটিএনের খবর জানায়, প্রতিযোগিতার জন্য নিবন্ধিত ১০০টির মধ্যে ৭০টির বেশি দল ওই মহড়ায় অংশ নেয়। ২১ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন রুটে রোবটগুলো কীভাবে দৌড়াবে, ট্রাফিক ব্যবস্থাপনা কেমন হবে এবং প্রতিযোগিতার মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কীভাবে জরুরি সহায়তা দেওয়া হবে, মহড়ায় তার ব্যবহারিক পর্যালোচনা করা হয়।
আগামী বৃহস্পতিবার একটি কোয়ালিফাইং রাউন্ড বা বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, এর পরেই চূড়ান্ত দৌড়ে নামবে সেরা রোবটগুলো।
এবারের আসরে প্রায় ৪০ শতাংশ রোবট ‘অটোনোমাস’ বা স্বয়ংক্রিয় নেভিগেশন প্রযুক্তিতে চলছে। অর্থাৎ, এগুলো কোনো মানুষের সাহায্য ছাড়াই পথ চিনে দৌড়াতে সক্ষম।
পরীক্ষার ফলাফলে দেখা গেছে, গত বছরের তুলনায় রোবটগুলোর গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অংশগ্রহণকারী বেশ কয়েকটি দলের দাবি, তাদের তৈরি রোবটগুলোর দৌড়ানোর সময় এখন পেশাদার অ্যাথলেটদের রেকর্ডের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
বিখ্যাত রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রির মার্কেটিং ম্যানেজার চু ইয়াং বলেন, ‘এই মহড়ার ফলাফলের ওপর ভিত্তি করে আমরা আমাদের রোবটের গতি ও কৌশল আরও উন্নত করব। এবার রোবটের গতি এবং লক্ষ্যে পৌঁছানোর হার অবিশ্বাস্যভাবে বেড়েছে।’
চাইনিজ ইনস্টিটিউট অব ইলেকট্রনিকসের ডেপুটি সেক্রেটারি জেনারেল লিয়াং লিয়াং বলেন, ‘এই টেস্ট রান আমাদের প্রত্যাশা পূরণ করেছে। তবে কিছু ছোটখাটো যান্ত্রিক ত্রুটি এবং নিরাপত্তার সীমাবদ্ধতা ধরা পড়েছে। মূল প্রতিযোগিতার আগেই আমরা এই সব সমস্যার সমাধান করে ফেলব।’




