চীনের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৫ সালের বার্ষিক আর্থিক ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে প্রযুক্তিনির্ভর আয় প্রবৃদ্ধি এখন দেশটির অর্থনীতির একটি শক্তিশালী নতুন চালিকাশক্তি হয়ে উঠছে।
ডেটা প্রদানকারী উইন্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ১২শ’র বেশি প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ৯০ শতাংশই লাভজনক অবস্থানে।
কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং টেলিযোগাযোগসহ উচ্চপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান বিশেষভাবে এগিয়ে রয়েছে, যা তাদের উদ্ভাবন প্রচেষ্টার সফলতার প্রতিফলন।
শীর্ষ চিপ নির্মাতা সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন ২০২৫ সালে ৬৭ দশমিক ৩২ বিলিয়ন ইউয়ান আয়ের রেকর্ড গড়েছে, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৪৯ শতাংশ বেশি। তাদের নিট মুনাফাও তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাতা ক্যাম্ব্রিকন টেকনোলজিস প্রথমবারের মতো প্রায় ২ দশমিক ০৬ বিলিয়ন ইউয়ান বার্ষিক মুনাফা অর্জন করেছে, যেখানে তাদের আয় চার গুণ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি কোম্পানিগুলোর এমন শক্তিশালী পারফরম্যান্সের পেছনে রয়েছে দ্রুত বর্ধনশীল এআই শিল্পকে কাজে লাগানোর সক্ষমতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে দ্রুত বাণিজ্যিকীকরণ করার দক্ষতা। এর ফলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।




