রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে (এনএসটিসি) দুই দিনব্যাপী ‘৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬’ শুরু হয়েছে। এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তরুণ বিজ্ঞানীরা’। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তাদের গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরছেন।
শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেন, তরুণ বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি কেবল অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তিই নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।
মন্ত্রী আরও বলেন, সরকার জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে স্টেম শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারমুখী করা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি তরুণ বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেডএন তাহমিদা বেগম। স্বাগত বক্তব্য দেন কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ড. এএসএম মতিউর রহমান এবং সূচনা বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
দেশ-বিদেশের ৪০০-এরও বেশি অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
দুই দিনব্যাপী এই আয়োজনে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সের তরুণ গবেষকদের প্রায় ৩০০টি মৌখিক ও পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপিত হবে। উল্লেখযোগ্য অধিবেশনগুলোর মধ্যে রয়েছে অধ্যাপক হাসান সারওয়ারের (ইউআইইউ) ‘হিউম্যান বনাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’, অধ্যাপক ড. তানজিমা হাশেমের (বুয়েট) ‘ট্রান্সলেশনাল এআই এবং এর সামাজিক প্রভাব’ এবং এআই যুগে বৈজ্ঞানিক প্রকাশনার নৈতিকতা বিষয়ক ‘বাংলাজল সিম্পোজিয়াম’।
আগামীকাল ৫ এপ্রিল এক জমকালো পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কংগ্রেস শেষ হবে, যেখানে সেরা গবেষণা কর্মগুলোকে পুরস্কৃত করা হবে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এই যুগান্তকারী আয়োজনটি জাতীয় প্রবৃদ্ধি কৌশলে উদীয়মান প্রযুক্তিগুলোকে একীভূত করার এবং একটি শক্তিশালী বৈজ্ঞানিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির অঙ্গীকারকে প্রতিফলিত করে।




