চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চশমা ব্যবহারকারীদের জন্য নতুন ‘প্রেসক্রিপশন-অপটিমাইজড এআই স্মার্ট চশমা’ এনেছে মেটা। চশমা জগতের বিখ্যাত ব্র্যান্ড ‘রে-বান’ এর সঙ্গে মিলে দুটি নতুন স্টাইলে কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এই চশমাগুলো এনেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নতুন মডেল দুইটি হলো ‘রে-ব্যান মেটা ব্লেজার অপটিক্স (জেন ২)’ এবং ‘রে-ব্যান মেটা স্ক্রাইবার অপটিক্স (জেন ২)’
রে-ব্যান মেটা (জেন ২) এবং ওকলি মেটা সিরিজে সীমিত সময়ের জন্য নতুন ফ্রেম ও লেন্সের রংও যুক্ত করা হচ্ছে। এর পাশাপাশি শিগগিরই আসছে হ্যান্ডস-ফ্রি নিউট্রিশন ট্র্যাকিং, মেটা এআই-নির্ভর হোয়াটসঅ্যাপ সামারি ও রিকল এবং নিউরাল হ্যান্ডরাইটিংয়ের মতো নতুন সফটওয়্যার ফিচার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটা জানিয়েছে, এর মাধ্যমে স্মার্ট চশমার বাজারে নতুন গতি আসবে। মেটা নিজেও রে-বানের সঙ্গে যৌথভাবে স্মার্ট চশমা বাজারজাত করছে। তবে এত দিন সেসব চশমার লেন্স চিকিৎসকের প্রেসক্রাইবড চশমা ছিল না। চশমা কেনার পর সেগুলোতে প্রেসক্রাইবড লেন্স লাগিয়ে নিতে হতো ব্যবহারকারীদের। তবে এখন গ্রাহকরা প্রেসক্রাইবড লেন্স সম্বলিত চশমা সরাসরি কিনতে পারবেন।
নতুন অপটিক্স সিরিজের চশমাগুলোতে ওভারএক্সটেনশন হিঞ্জ, অদলবদলযোগ্য নোজ প্যাড এবং চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে সমন্বয়যোগ্য টেম্পল টিপস রাখা হয়েছে। যাতে ব্যবহারকারীর মুখের গঠন অনুযায়ী আরও আরামদায়ক ও মানানসই ফিট নিশ্চিত করা যায়।
মেটার দাবি, এটি তাদের তৈরি সবচেয়ে আরামদায়ক এআই চশমা। যা সারাদিন পরার উপযোগী করে নকশা করা হয়েছে।
নতুন রে-ব্যান মেটা ব্লেজার অপটিক্স (জেন ২) এবং রে-ব্যান মেটা স্ক্রাইবার অপটিক্স (জেন ২) যুক্তরাষ্ট্রে মেটা ডটকম ও রে-ব্যান ডটকমে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে। দাম শুরু হচ্ছে ৪৯৯ ডলার থেকে।
কোম্পানির তথ্য অনুযায়ী, ১৪ এপ্রিল থেকে এগুলো যুক্তরাষ্ট্রের অপটিক্যাল বিক্রয়কেন্দ্রগুলোতে এবং নির্বাচিত কিছু আন্তর্জাতিক বাজারেও পাওয়া যাবে।
নতুন রঙে আসছে রে-ব্যান মেটা ও ওকলি মেটা
বসন্ত ও গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে রে-ব্যান মেটা (জেন ২) সিরিজেও নতুন রঙের সংমিশ্রণ আনছে মেটা। এর মধ্যে রয়েছে স্কাইলারের জন্য শাইনি ট্রান্সপারেন্ট পিচ ফ্রেমের সঙ্গে ট্রানজিশনস ব্রাউন লেন্স, হেডলাইনারের জন্য ম্যাট ট্রান্সপারেন্ট পিচ ফ্রেমের সঙ্গে ট্রানজিশনস গ্রে লেন্স এবং ওয়েফেয়ারারের জন্য শাইনি ট্রান্সপারেন্ট গ্রে ফ্রেমের সঙ্গে ট্রানজিশনস স্যাফায়ার লেন্স।
অন্যদিকে ওকলি মেটা ভ্যানগার্ড ও এইচএসটিএন মডেলের জন্যও নতুন ফ্রেম ও লেন্স বিকল্প যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রিজম ব্ল্যাক লেন্সসহ ভ্যানগার্ড ব্ল্যাক, প্রিজম রোজ গোল্ড লেন্সসহ ভ্যানগার্ড হোয়াইট, প্রিজম ট্রানজিশনস এম্বার লেন্সসহ ভ্যানগার্ড ব্ল্যাক— যা বসন্তের শেষ দিকে আসবে। প্রিজম ডার্ক গলফ লেন্সসহ এইচএসটিএন ব্ল্যাক ও ক্লিয়ার টু ব্রাউন ট্রানজিশনস লেন্সসহ এইচএসটিএন লাইট কারি।
কোম্পানির দাবি, এসব লেন্স বাইরের পরিবেশে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
সফটওয়্যার আপডেটে জোর দিচ্ছে মেটা এআই
হার্ডওয়্যার আপডেটের পাশাপাশি মেটা এআই-সমর্থিত সফটওয়্যার ফিচারেও বড় জোর দিচ্ছে কোম্পানিটি। নতুন আপডেটের অংশ হিসেবে ব্যবহারকারীরা কেবল ভয়েস কমান্ড বা দ্রুত তোলা ছবির মাধ্যমে হ্যান্ডস-ফ্রি নিউট্রিশন ট্র্যাকিং ব্যবহার করতে পারবেন। মেটা এআই খাবারের পুষ্টিগত তথ্য বিশ্লেষণ করে মেটা এআই অ্যাপের ফুড লগে তা যুক্ত করবে। সময়ের সঙ্গে এই লগ ব্যবহারকারীর অভ্যাস ও লক্ষ্য অনুযায়ী ব্যক্তিগতকৃত পরামর্শও দিতে পারবে।
এই পুষ্টি-ট্র্যাকিং সুবিধা শিগগিরই যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সি রে-ব্যান মেটা ও ওকলি মেটা ব্যবহারকারীদের জন্য চালু হবে। একই ফিচার গ্রীষ্মের শেষের দিকে মেটা রে-ব্যান ডিসপ্লে চশমার জন্যও আসবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া আর্লি অ্যাক্সেস প্রোগ্রামে (ইএপি) যোগ হচ্ছে হ্যান্ডস-ফ্রি হোয়াটসঅ্যাপ সামারি ও রিকল ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারী গ্রুপ চ্যাটের সংক্ষিপ্ত সারসংক্ষেপ চাইতে পারবেন, কিংবা নির্দিষ্টভাবে জানতে পারবেন কোনো ব্যক্তি কী প্রস্তাব দিয়েছেন।
মেটার তথ্য অনুযায়ী, এই ইন্টারঅ্যাকশনগুলো ডিভাইসের ভেতরেই প্রক্রিয়াজাত হবে এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশন-এর কারণে ব্যক্তিগত থাকবে।
মেটা রে-ব্যান ডিসপ্লে পাচ্ছে নিউরাল হ্যান্ডরাইটিং ও ডিসপ্লে রেকর্ডিং
মেটা জানিয়েছে, নিউরাল হ্যান্ডরাইটিং ফিচার আগামী কয়েক সপ্তাহের মধ্যে মেটা রে-ব্যান ডিসপ্লে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে। এটি আইমেসেজ-এও সমর্থন পাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো পৃষ্ঠে আঙুল চালিয়ে নিঃশব্দে বার্তার উত্তর দিতে পারবেন। ফিচারটি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএসের নিজস্ব বার্তা আদান-প্রদানের অ্যাপেও কাজ করবে।
এ ছাড়া শিগগিরই আসছে ডিসপ্লে রেকর্ডিং সুবিধা। যার মাধ্যমে ব্যবহারকারীরা ইন-লেন্স ডিসপ্লে ইন্টারঅ্যাকশন, বাইরের দৃশ্য ও অডিও একত্রে নিয়ে একটি শেয়ারযোগ্য ভিডিও তৈরি করতে পারবেন। একই সঙ্গে মে মাস থেকে যুক্তরাষ্ট্রের সব শহরে সম্প্রসারিত হচ্ছে পথচারী নেভিগেশন ফিচার, যাতে ব্যবহারকারীরা ফোন পকেটে রেখেই লেন্সের ভেতরে ধাপে ধাপে নির্দেশনা পেতে পারেন। এর আগে, ইনস্টাগ্রাম রিলস, স্পটিফাই শর্টকাটস ও রিমাইন্ডার, আবহাওয়া, স্টকস এবং ক্যালেন্ডারের মতো একনজরে দেখা যায় এমন উইজেটও যুক্ত করেছিল।




