সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস এখন প্রতি মাসে ৪০ কোটির বেশি ব্যবহারকারী নিয়ে এগিয়ে চলছে। তবে এখানেই থেমে থাকতে চায় না মেটা। নতুন একটি ফিচার চালুর মাধ্যমে থ্রেডস থেকে সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট শেয়ার করার সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।
এর ফলে ব্যবহারকারীদের আর থ্রেডস অ্যাপ ছেড়ে ইনস্টাগ্রামে যেতে হবে না। এই ফিচারের মাধ্যমে কোনো থ্রেডস পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করার আগে সেটি স্টোরিতে কেমন দেখাবে, তার একটি প্রিভিউ থ্রেডস অ্যাপের মধ্যেই দেখা যাবে। এতে সময় সাশ্রয় হবে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাও আরও সহজ হবে।
এর আগে থ্রেডস থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট শেয়ার করা যেত, তবে সেটি অনেকটা ইনস্টাগ্রামের পোস্ট রিশেয়ার করার মতো প্রক্রিয়ায় ছিল। পাশাপাশি ইনস্টাগ্রাম ফিড বা ডিএমে শেয়ার করার সুবিধাও ছিল। নতুন আপডেটের ফলে পুরো প্রক্রিয়াটি আরও দ্রুত ও সরাসরি হয়েছে।
২০২৩ সালের জুলাইয়ে টেক্সটভিত্তিক অ্যাপ হিসেবে থ্রেডস চালু হয়। এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকায় শুরু থেকেই দ্রুত জনপ্রিয়তা পায়। নতুন অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম তথ্য দিয়ে লগইন করতে হতো। ফলে ব্যবহারকারীর নাম, ছবি, বায়ো, ভেরিফিকেশন স্ট্যাটাস ও ফলোয়ার তালিকা স্বয়ংক্রিয়ভাবে থ্রেডসে যুক্ত হয়ে যেত।
এ ছাড়া এক ট্যাপেই ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করতেন, তাদের থ্রেডস অ্যাকাউন্টও অনুসরণ করতে পারতেন। কেউ যদি তখনও থ্রেডসে না থাকতেন, তবে তাকে নোটিফিকেশন পাঠানো হতো।
চালুর পর থেকে মেটা তাদের অন্যান্য বড় প্ল্যাটফর্ম ব্যবহার করে থ্রেডসের ব্যবহারকারী বাড়ানোর কৌশল নিয়েছে। উদাহরণ হিসেবে ফেসবুকে জনপ্রিয় থ্রেডস পোস্ট দেখানো, ইনস্টাগ্রামে থ্রেডস পোস্টের আলাদা কারোসেল যুক্ত করা এবং ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সরাসরি থ্রেডসে পোস্ট করার সুযোগ দেওয়া উল্লেখযোগ্য। এসব পদক্ষেপ থ্রেডসের গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়তা করেছে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলার ওয়েব (Similarweb)–এর তথ্য অনুযায়ী, গত মাসে মোবাইল ডিভাইসে দৈনিক ব্যবহারের দিক থেকে থ্রেডস ইলন মাস্কের মালিকানাধীন এক্সকে ছাড়িয়ে গেছে। তবে ওয়েব সংস্করণে এখনও এক্স এগিয়ে রয়েছে।
ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে। ২০২৪ সালের আগস্টে যেখানে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল ২০ কোটি, সেখানে ২০২৫ সালের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটিতে। এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে জানানো হয়, থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১৫ কোটিতে পৌঁছেছে।
ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় ব্যবহারকারীদের জন্য সহজ ও দ্রুত শেয়ারিং সুবিধা যুক্ত করা থ্রেডসের জন্য কৌশলগত একটি পদক্ষেপ। ইনস্টাগ্রামের বিশাল ব্যবহারকারীভিত্তিকে কাজে লাগিয়ে থ্রেডস নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও এই আপডেট সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সুবিধা এনে দেবে, বিশেষ করে যারা একই সঙ্গে একাধিক প্ল্যাটফর্মে সক্রিয়।
সূত্র : টেক ক্রান্চ




