সৌদি আরবের তায়েফ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ওই অঞ্চলের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মো. সাখাওয়াত হোসেন। সম্প্রতি তায়েফের গভর্নর মহামান্য প্রিন্স ফাওয়াজ বিন সুলতান বিন আব্দুল আজিজ আল-সউদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
এ সময় কনসাল জেনারেল তায়েফে কর্মরত ও বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সামগ্রিক কল্যাণে গভর্নরের ব্যক্তিগত সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানান।
প্রিন্স ফাওয়াজ বাংলাদেশি কনসাল জেনারেলকে অভ্যর্থনা জানান। তিনি সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের অবদানের কথা স্মরণ করে তাদের কল্যাণে সম্ভাব্য সব ধরনের প্রশাসনিক সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি সৌদি আরবে বাংলাদেশ নিযুক্ত নতুন কনসাল জেনারেলের সফলতা কামনা করে শুভকামনা জানান।




