বাইরে তীব্র ভ্যাপসা গরম। দিনের কাজ শেষে ঘরে ফিরে মন চায় ঠান্ডা কিছু গলায় ঢালতে। হোক সে পানি বা কোনো শরবত। ঠান্ডা পানি বা কোনো পানীয় ছাড়া যেন স্বস্তি মেলে না। কিন্তু সবসময় ফ্রিজ ব্যবহার করা সম্ভব হয় না।
এ ছাড়া এখন অনেক সময় বিদ্যুৎ না থাকার সমস্যা। আবার অনেকেই অতিরিক্ত ঠান্ডা পানি এড়িয়ে চলতে চান। সব মিলিয়ে কিছু সহজ ঘরোয়া কৌশল কাজে লাগিয়ে আপনি চাইলে ফ্রিজ ছাড়াই পানি ঠান্ডা রাখতে পারেন। তবে অবশ্যই এসব ঘরোয়া কৌশল মেনে ফ্রিজের ঠান্ডা পানি আশা করবেন না যেন।
মাটির কলসি ব্যবহার করুন: এটি সবচেয়ে পুরোনো ও কার্যকর পদ্ধতি। কলসির ছোট ছোট ছিদ্র দিয়ে পানি বাষ্প হয়ে বের হয়, ফলে ভেতরের পানি স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে।
ভেজা কাপড় দিয়ে বোতল জড়িয়ে রাখুন: কাচ বা স্টিলের বোতলে পানি ভরে তার গায়ে ভেজা কাপড় পেঁচিয়ে রাখুন। কাপড় শুকিয়ে গেলে আবার ভিজিয়ে দিন। এতে দীর্ঘ সময় পানি ঠান্ডা থাকবে।
বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন: পানির পাত্র এমন স্থানে রাখুন যেখানে সরাসরি রোদ পড়ে না এবং বাতাস চলাচল ভালো। জানলার পাশে বা বারান্দার ছায়াযুক্ত জায়গা সবচেয়ে ভালো।
ভেজা বালির ব্যবহার: একটি পাত্রে বালি নিয়ে তা ভিজিয়ে নিন। এরপর সেই বালির ওপর পানির কলসি বা বোতল রাখুন। বালি ভেজা থাকলে এটি স্বাভাবিকভাবে ঠান্ডা রাখতে সাহায্য করবে।
তামার পাত্র ব্যবহার: তামার পাত্রে পানি রাখলে তা শুধু স্বাস্থ্যকরই নয়, বরং তাপমাত্রা তুলনামূলকভাবে কম রাখতে সহায়তা করে।
ফ্যানের নিচে ভেজা তোয়ালে দিয়ে রাখুন: পানির বোতল ভেজা তোয়ালে দিয়ে মুড়িয়ে ফ্যানের নিচে রাখুন। বাতাসে পানি বাষ্প হয়ে বোতল ঠান্ডা করে দেয়।
মাটির নিচে সংরক্ষণ: যদি সুযোগ থাকে, মাটিতে ছোট গর্ত করে সেখানে পানির পাত্র রেখে দিন। মাটির নিচে তাপমাত্রা কম থাকায় পানি দীর্ঘ সময় ঠান্ডা থাকে।
খড় বা কুটে দিয়ে ঢেকে রাখুন: পানির পাত্রের চারপাশে শুকনো খড় রাখলে তা ইনসুলেশন হিসেবে কাজ করে। এতে বাইরের গরম সহজে ভেতরে ঢুকতে পারে না।
ফ্রিজ না থাকলেও এসব সহজ উপায়ে পানি ঠান্ডা রাখা সম্ভব। প্রাকৃতিক এই পদ্ধতিগুলো শুধু কার্যকরই নয়, বিদ্যুৎ ছাড়াই গরমে আরাম পেতে সাহায্য করে।
সূত্র: টিভি ৯ নিউজ




