অনেকের দিনের শুরুই একটি গরম পানীয় দিয়ে। কেউ গরম গরম চা বা গ্রিন টি পছন্দ করেন, আবার কেউ ব্ল্যাক কফি ছাড়া দিন শুরু করতে পারেন না। দুটিই কম ক্যালরিযুক্ত এবং স্বাস্থ্যকর হিসেবে পরিচিত। তবে ওজন কমানো ও হজমের দিক থেকে কোনটি বেশি কার্যকর, তা নির্ভর করে এগুলো শরীরে কীভাবে কাজ করে তার ওপর।
গ্রিন টিতে থাকে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে ইজিসিজি, যা শরীরে জমে থাকা চর্বি ভাঙতে সাহায্য করে। এই প্রক্রিয়াটি ধীরে কাজ করে, তবে নিয়মিত খেলে ভালো ফল পাওয়া যায়।
এতে হালকা মাত্রার ক্যাফেইন থাকে, যা শরীরকে অতিরিক্ত উত্তেজিত না করে ধীরে ধীরে শক্তি জোগায়। ফলে হঠাৎ শক্তি বেড়ে আবার কমে যাওয়ার প্রবণতা কম থাকে।

গ্রিন টি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। এতে অপ্রয়োজনীয় ক্ষুধা বা খাবারের প্রতি আকর্ষণ কমতে পারে।
এ ছাড়া এতে এল-থিয়ানিন নামের একটি উপাদান থাকে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এতে স্ট্রেসজনিত হরমোনের প্রভাব কমতে পারে, যা ওজন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।
ব্ল্যাক কফিতে ক্যাফেইনের পরিমাণ বেশি, যা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এটি শরীরের তাপ উৎপাদন বাড়িয়ে ক্যালরি পোড়াতে সহায়তা করে।
এটি শরীরকে সক্রিয় করে তোলে, ফলে ব্যায়ামের আগে খেলে পারফরম্যান্স বাড়তে পারে এবং বেশি ক্যালরি খরচ হয়।

কিছু ক্ষেত্রে এটি অল্প সময়ের জন্য ক্ষুধা কমাতে পারে। তবে এই প্রভাব স্থায়ী নয়, তাই খাবারের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা উচিত নয়।
চিনি, দুধ বা সিরাপ ছাড়া ব্ল্যাক কফিতে প্রায় কোনো ক্যালরি থাকে না, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
তবে অতিরিক্ত কফি খেলে সমস্যা হতে পারে। বেশি ক্যাফেইন ঘুমের সমস্যা তৈরি করতে পারে, আর ঘুম কম হলে ওজন বাড়ার ঝুঁকি থাকে।
দীর্ঘমেয়াদে ধীরে এবং ভারসাম্যপূর্ণভাবে ওজন কমাতে চাইলে গ্রিন টি কিছুটা এগিয়ে থাকতে পারে। এটি শরীরকে অতিরিক্ত চাপ না দিয়ে ধীরে কাজ করে।
অন্যদিকে, যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ক্যাফেইন সহ্য করতে পারেন, তাদের জন্য ব্ল্যাক কফি কার্যকর হতে পারে, বিশেষ করে ব্যায়ামের আগে।
গ্রিন টি বানানোর সময় ফুটন্ত পানি ব্যবহার না করে হালকা গরম পানিতে ২ থেকে ৩ মিনিট ভিজিয়ে রাখা ভালো। এতে এর উপকারী উপাদান ঠিক থাকে।
ব্ল্যাক কফি খাওয়ার সময় চিনি বা অতিরিক্ত কিছু না মেশানো ভালো। স্বাদের জন্য অল্প দারুচিনি বা কোকো পাউডার ব্যবহার করা যেতে পারে।
মনে রাখবেন, গ্রিন টি সকাল বা দুপুরে খাওয়া ভালো আর ব্ল্যাক কফি সকালে বা ব্যায়ামের আগে খেলে বেশি উপকার পাওয়া যায়।
গ্রিন টি এবং ব্ল্যাক কফি; দুটিই ওজন কমানোর রুটিনে জায়গা পেতে পারে। তবে এগুলোর ওপর পুরোপুরি নির্ভর না করে, সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের ওপর গুরুত্ব দেওয়া বেশি জরুরি।
সূত্র : এনডিটিভি




