
ওজন কমাতে অনেকেই কঠোর ডায়েট বা না খেয়ে থাকার পথ বেছে নেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে দরকার নিয়মিত ভালো অভ্যাস গড়ে তোলা। সেই বার্তাই আবারও সামনে এনেছেন ফিটনেস কোচ ও পুষ্টিবিদ রীত কৌর।
মাত্র ১২ সপ্তাহে ১৮ কেজি ওজন কমিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, কীভাবে না খেয়ে থেকেও স্বাস্থ্যকর উপায়ে এই পরিবর্তন সম্ভব হয়েছে।
রীত কৌরের ভাষায়, ওজন কমানোর যাত্রা শুরু করার পর কিছু অভ্যাস তার জন্য জাদুর মতো কাজ করেছে।
রীতের মতে, ডায়েট থেকে সবকিছু বাদ দেওয়ার চেয়ে প্রোটিন, ফাইবার ও প্রাকৃতিক খাবার বাড়ানো বেশি কার্যকর। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কমে যায়।
তিনি বলেন, সবজি, লিন প্রোটিন ও বেশি পানি রয়েছে এমন খাবার বেশি খেলে পেট ভরে খাওয়া যায়, কিন্তু ক্যালোরি নিয়ন্ত্রণেও থাকে। ফলে ক্ষুধা কম লাগে এবং ওজন কমানো সহজ হয়।
প্রতিদিন ৮ থেকে ১০ হাজার কদম হাঁটার পরামর্শ দিয়েছেন রীত। তার মতে, অতিরিক্ত কঠিন ব্যায়ামের চেয়ে নিয়মিত হাঁটাহাঁটি শরীরের জন্য বেশি উপকারী হতে পারে।
সপ্তাহে ৪ থেকে ৫ দিন ওজন নিয়ে ব্যায়াম করলে শরীরের গঠন ভালো থাকে এবং মেটাবলিজমও সক্রিয় থাকে বলে জানান তিনি।
অনেকেই ডায়েটের মাঝে এক দিন ইচ্ছেমতো খাবার খান। তবে রীতের পরামর্শ, প্রিয় খাবারের স্বাস্থ্যকর সংস্করণ তৈরি করুন। এতে বঞ্চিত লাগবে না এবং ডায়েটও ভাঙবে না।
পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ তার ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে আবেগতাড়িত হয়ে বেশি খাওয়া ও রাতের খাবারের আকাঙ্ক্ষা কমে যায়।
রীত জানান, তিনি কোনো খাবার পুরোপুরি বাদ দেননি। বরং পরিমাণ নিয়ন্ত্রণ করেছেন এবং কম ক্যালোরির স্বাস্থ্যকর বিকল্প বেছে নিয়েছেন।
তিনি আরও বলেন, আলাদা ডায়েট মেনে চলার বদলে তিনি সাধারণত বাসায় রান্না হওয়া খাবারই খান। শুধু সেই খাবারগুলোকে সুষমভাবে সাজিয়ে নেন। এতে আলাদা রান্নার ঝামেলা কমে এবং সময়ও বাঁচে।
তার খাদ্যতালিকায় মূল গুরুত্ব থাকে সবজি, লিন প্রোটিন ও জটিল শর্করার ওপর।
এ ছাড়া কোমল পানীয়, ফ্রাপে ও অতিরিক্ত ঘন মিল্কশেক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে সুস্থভাবে ওজন কমাতে প্রতি সপ্তাহে ১ কেজির কম ওজন কমানোই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি। তাই অবাস্তব লক্ষ্য না রেখে ধৈর্য ধরে নিয়ম মেনে চলাই ভালো ফল পাওয়ার মূল চাবিকাঠি।
সূত্র: এনডিটিভি




