সকালের খাবার শরীরের পুরো দিনের ওপর বড় প্রভাব ফেলে। শক্তি, মনোযোগ এবং ক্ষুধার ধরন অনেকটাই নির্ভর করে দিনের প্রথম খাবারের ওপর। অনেকের কাছে কফি জনপ্রিয় হলেও হালকা, প্রাকৃতিক এবং সহজে হজম হয় এমন কিছু খেতে চাইলে ফলই প্রথম পছন্দ হয়।
কলা ও কমলা এমন দুটি ফল, যা সহজলভ্য, পুষ্টিকর এবং সকালে খাওয়ার জন্য বেশ সুবিধাজনক। তবে এই দুই ফল শরীরে ভিন্নভাবে কাজ করে। তাই কোনটি আপনার জন্য ভালো, তা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ।
কলা
কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ। এগুলো শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে। এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে কলা শক্তি ধরে রাখতে সাহায্য করে।
কলায় থাকা ফাইবার রক্তে চিনি দ্রুত প্রবেশ করতে দেয় না। ফলে হঠাৎ করে শক্তি বেড়ে গিয়ে আবার দ্রুত কমে যাওয়ার ঝুঁকিও কম থাকে। ধীরে ধীরে গ্লুকোজ নিঃসরণ হওয়ায় শক্তির মাত্রা স্থিতিশীল থাকে। কলার গ্লাইসেমিক ইনডেক্স মাঝামাঝি হওয়ায় এটি ধীর এবং ভারসাম্যপূর্ণ শক্তি দেয়।
যারা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় বা সকালের পর ব্যস্ত সময় কাটাতে হয়, তাদের জন্য কলা ভালো একটি পছন্দ।
কমলা
অন্যদিকে, কমলা হালকা ও সতেজ শক্তির উৎস। কমলায় ক্যালরি ও কার্বোহাইড্রেট কম হলেও এতে পানির পরিমাণ অনেক বেশি। প্রায় ৮৫ থেকে ৮৭ শতাংশ পানি থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।
শরীরে পানির ঘাটতি কম থাকলে ক্লান্তি কমে এবং মনোযোগ বাড়ে। গবেষণায় দেখা গেছে, কমলা খাওয়া সামগ্রিক খাদ্যাভ্যাস ও শক্তির ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে।
কমলা হালকা এবং সহজে হজম হয়। তাই দ্রুত কিন্তু স্বল্প সময়ের জন্য শক্তি দেয়। যাদের সকালে বেশি ক্ষুধা লাগে না, তাদের জন্য এটি ভালো বিকল্প।
মনে রাখবেন,কলায় কার্বোহাইড্রেটের পরিমাণ কমলার তুলনায় প্রায় দ্বিগুণ, যা শক্তি স্থায়িত্বে বড় ভূমিকা রাখে।
কলায় পটাশিয়াম বেশি থাকে, যা পেশির কাজ ও শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ। অন্যদিকে কমলায় ভিটামিন সি ও পানি বেশি থাকে, যা শরীরকে সতেজ রাখতে এবং হালকা ক্লান্তি কমাতে সাহায্য করে।
দুটি ফলই আলাদা উপায়ে শক্তি জোগায়। একটি শক্তি দেয় খাদ্য উপাদান থেকে, অন্যটি শরীরের পানির ভারসাম্য ঠিক রেখে কাজ করে।
এখন মনে প্রশ্ন আসতেই পারে সকালে কোনটি খাবেন?
উত্তরটা সহজ। দীর্ঘ সময় শক্তি দরকার হলে কলা বেছে নেওয়া ভালো আর হালকা ও সতেজ কিছু চাইলে কমলা ভালো। অনেক ক্ষেত্রে দুটি একসাথে খেলে শরীর একদিকে দীর্ঘস্থায়ী শক্তি পায়, অন্যদিকে হাইড্রেশনও বজায় থাকে।
সকালের শক্তির জন্য নির্দিষ্ট কোনো একটিই সেরা নয়। কলা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে, আর কমলা দেয় হালকা ও সতেজ শুরু। আপনার দৈনন্দিন কাজ, ক্ষুধা এবং কতক্ষণ শক্তি দরকার তার ওপর নির্ভর করে সঠিকটি বেছে নেওয়াই ভালো।
সূত্র : এনডিটিভি




