খালি পেটে ব্যায়াম করা, যাকে অনেক সময় ‘ফাস্টেড ওয়ার্কআউট’ বলা হয়, বর্তমানে বেশ জনপ্রিয়। বিশেষ করে সকালে কিছু না খেয়ে ব্যায়াম করলে নাকি বেশি চর্বি কমে - এমন ধারণা অনেকের মধ্যে আছে। তবে বাস্তবতা একটু ভিন্ন এবং বিষয়টি ততটাও সহজ নয়।
খালি পেটে ব্যায়ামের সময় শরীরে কী হয় তা আগে বোঝা জরুরি।
রাতভর ৮ থেকে ১২ ঘণ্টা না খেয়ে থাকার পর শরীরের অবস্থা কিছুটা আলাদা থাকে। এ সময় শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়, শরীরে জমা কার্বোহাইড্রেট বা গ্লাইকোজেন আংশিক কমে যায় ও এর ফলে শরীর শক্তির জন্য বেশি করে জমা চর্বি ব্যবহার করতে শুরু করে।
এ সময় অ্যাড্রেনালিনসহ কিছু হরমোনও সক্রিয় হয়, যা শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, ব্যায়ামের ধরন অনুযায়ী শক্তির উৎসও বদলে যায়। হালকা ব্যায়ামে শরীর বেশি চর্বি ব্যবহার করে, কিন্তু তীব্র ব্যায়ামে আবার কার্বোহাইড্রেটের প্রয়োজন বাড়ে।
ব্যায়ামের সময় বেশি চর্বি পোড়া : খালি পেটে ব্যায়াম করলে শরীর তুলনামূলক বেশি চর্বি ব্যবহার করে শক্তি হিসেবে।
ইনসুলিন সেনসিটিভিটি বাড়তে পারে : এতে শরীর রক্তের চিনি ভালোভাবে ব্যবহার করতে শিখতে পারে, যা ভবিষ্যতে উপকারী হতে পারে।
খাবারের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে : কিছু মানুষের ক্ষেত্রে পরে কম খাওয়ার প্রবণতা দেখা যায়, যা মোট ক্যালরি কমাতে সাহায্য করতে পারে।
অনেক প্রচলিত ধারণা পুরোপুরি সঠিক নয়।
ওজন দ্রুত কমে না : ব্যায়ামের সময় বেশি চর্বি পোড়ালেও, সারাদিনের মোট ক্যালরি ব্যালান্সই আসল বিষয়। তাই দীর্ঘমেয়াদে ওজন কমার ওপর এর প্রভাব খুব বেশি নয়।
পারফরম্যান্স কমে যেতে পারে : খালি পেটে শক্তি কম থাকায় দীর্ঘ বা তীব্র ব্যায়ামে ক্লান্তি বেশি অনুভূত হতে পারে।
মাংসপেশি বাড়াতে সাহায্য করে না : বরং পর্যাপ্ত পুষ্টি না থাকলে ব্যায়ামের মান খারাপ হতে পারে।
যারা হালকা বা স্বল্প সময়ের ব্যায়াম করেন বা যারা নতুন করে ব্যায়াম শুরু করেছেন, তাদের জন্য উপযোগী হতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের, যারা নিয়মিত উচ্চমাত্রার ব্যায়াম করেন ও যাদের খাওয়ার অভ্যাসে সমস্যা বা শক্তির ঘাটতি আছ, তাদের সতর্ক থাকা উচিত।
মনে রাখবেন, খালি পেটে ব্যায়াম করলে শরীরের শক্তি ব্যবহারের ধরন কিছুটা বদলায়, তবে এটি কোনো জাদুকরী উপায় নয়। সঠিক ফল পেতে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন - এই বিষয়গুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র : ন্যাশনাল জিওগ্রাফিক




