আমাদের সমাজে অন্যের আড়ালে কথা বলা, পরচর্চা বা ‘গসিপ’ শব্দটির সঙ্গে একধরনের নেতিবাচক ধারণা জড়িয়ে আছে বহু আগে থেকেই। কারও অনুপস্থিতিতে তাকে নিয়ে কথা বলা মানেই যেন খারাপ কিছু—এমনটাই ভাবেন অনেকেই। কেউ কেউ তো গর্ব করে বলেন, তারা কখনোই পরচর্চা বা গসিপ করেন না। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, বিষয়টি এতটা সহজ বা একপেশে নয়। বরং মানুষের দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশই হলো এই পরচর্চা বা গসিপ।
গবেষণায় দেখা গেছে, আমরা পরচর্চা বা গসিপ বলতে সাধারণত সবচেয়ে খারাপ দিকটিকেই বুঝি। অন্যের বিষয়ে মিথ্যা রটানো, কারও সুনাম নষ্ট করা বা কারও ব্যাপারে বিদ্বেষ ছড়ানো। কিন্তু বাস্তবে পরচর্চা বা গসিপের সংজ্ঞা অনেক বিস্তৃত। সহজভাবে বলতে গেলে, কারও অনুপস্থিতিতে তাকে নিয়ে আলোচনা করাই পরচর্চা বা গসিপ। এতে খারাপ উদ্দেশ্য থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় এটি শুধু তথ্য আদান-প্রদান বা সাধারণ আলাপচারিতার অংশ।
মনোবিজ্ঞানীরা মনে করেন, পরচর্চা মানুষের বিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রাচীনকালে মানুষ ছোট ছোট দলে বসবাস করত, যেখানে সবাই একে অন্যের ওপর নির্ভরশীল ছিল। সেই সময় কে বিশ্বাসযোগ্য, কে নয়, কে কী করছে - এসব জানা ছিল টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো জানার প্রধান উপায় ছিল পরস্পরের সঙ্গে আলোচনা করা। ফলে পরচর্চা তখন শুধু কৌতূহল মেটানোর বিষয় ছিল না। বরং সামাজিক নিরাপত্তার একটি মাধ্যম ছিল এটি।
বর্তমান সময়েও পরচর্চার কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা রয়েছে। এটি মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে। যখন কেউ অন্য কাউকে বিশ্বাস করে কোনো তথ্য শেয়ার করে, তখন সেই সম্পর্কের মধ্যে আস্থা তৈরি হয়। একই সঙ্গে, গসিপ আমাদের সামাজিক নিয়ম শেখাতেও সাহায্য করে। কে কী করছে, কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়—এসব বিষয় আমরা অনেক সময় অন্যের অভিজ্ঞতা শুনেই বুঝে নিই।
এছাড়া পরচর্চা এক ধরনের সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মতোও কাজ করে। মানুষ জানে, তার আচরণ নিয়ে অন্যরা আলোচনা করতে পারে। এই ধারণা অনেক সময় তাকে দায়িত্বশীল আচরণ করতে উৎসাহিত করে। আবার কিছু ক্ষেত্রে এটি সতর্কবার্তা হিসেবেও কাজ করে। কেউ যদি খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করে, তাহলে অন্যরা আগে থেকেই সাবধান হতে পারে।
তবে সব পরচর্চাই ইতিবাচক নয়। যখন কোনো আলোচনা শুধুমাত্র কারও ক্ষতি করার জন্য করা হয়, বা মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয়, তখন সেটি ক্ষতিকর হয়ে ওঠে। এই ধরনের পরচর্চা সম্পর্ক নষ্ট করে এবং সামাজিক বিভাজন তৈরি করে। তাই পরচর্চার ক্ষেত্রে উদ্দেশ্য এবং প্রভাব, দুটিই গুরুত্বপূর্ণ।
গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আমাদের ধারণার বিপরীতে বেশিরভাগ গসিপই নিরপেক্ষ। মানুষ সাধারণত খুব সাধারণ তথ্য নিয়েই আলোচনা করে। যেমন কেউ নতুন চাকরি পেয়েছে, কারও পরিবারে নতুন সদস্য এসেছে, বা কেউ কোথায় যাচ্ছে। অর্থাৎ, অধিকাংশ ক্ষেত্রেই পরচর্চা কোনো নাটকীয় বা নেতিবাচক বিষয় নয়। বরং এটি দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ।
এছাড়া পরচর্চা শুধু নারীদের মধ্যে সীমাবদ্ধ—এই ধারণাটিও ভুল। গবেষণায় দেখা গেছে, নারী ও পুরুষ উভয়ই সমানভাবে পরচর্চা করেন। বরং এটি মানুষের সামাজিক স্বভাবেরই একটি অংশ।
সব মিলিয়ে বলা যায়, পরচর্চাকে একেবারে খারাপ হিসেবে দেখার কোনো কারণ নেই। এটি মানুষের যোগাযোগ, সম্পর্ক এবং সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এটি যেন কারও ক্ষতির কারণ না হয়, সেদিকে সচেতন থাকা জরুরি। দায়িত্বশীলভাবে ব্যবহার করা গেলে পরচর্চাও একটি কার্যকর সামাজিক দক্ষতা হয়ে উঠতে পারে।
সূত্র : টাইম




