নাটোরের সিংড়া উপজেলায় মেছের আলী নামে এক কৃষককে হত্যার ২৭ বছর পর ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
কৃষক মেছের আলীকে হত্যা মামলায় আসামি করা ৮ জনকে। দুজন বিচার চলার সময় মারা যান। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রয়েছেন দুজন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কলিগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ঈদ্রিস আলী ও ইউনুস আলী, একই এলাকার সোলেমান আলী মৃধার ছেলে মাহাবুব মৃধা, গুনাইখাড়া গ্রামের অনাত মন্ডলের ছেলে কার্তিক মন্ডল, উলিপুরের মকসেদ আলীর ছেলে আবুল হোসেন ও গুনাইখাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে আবু রায়হান। এর মধ্যে আবুল হোসেন ও আবু রায়হান পলাতক রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কলিগ্রামের সলেমান মৃধার সঙ্গে মেছের আলীর জমি নিয়ে বিরোধ ছিল। দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয় একাধিকবার। ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে ডেকে নেন প্রতিবেশী মছিরন বিবি। কিছু সময় পর মেছের আলীর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মেছের আলীর ছেলে ৮ জনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু জানান, আসামিরা গ্রেপ্তার হয়ে বিভিন্ন সময় আদালত থেকে জামিনে বের হন। জামিনে থাকা অবস্থায় দুইজন মারা গেছেন। দুইজন পলাতক। অন্য ৪ জনের উপস্থিতিতে মামলার শুনানি করেন বিচারক। সাক্ষ্যপ্রমাণ শেষে দীর্ঘ ২৭ বছর পর বিচারক ৬ আসামির সাজা দিয়েছেন।




