
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (১০ মে) সকালে আপিল বিভাগ এই আদেশ দেয়।
আইভীর বিরুদ্ধে হত্যা, পুলিশের কাজে বাধাদান ও সহিংসতার মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া আরও দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে আগে জামিন পেয়েছেন আইভি।
জামিন পাওয়া এই ১০টি মামলার মধ্যে ছয়টি হত্যা, বাকিগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা, সরকারি কাজে বাধাদানের মামলা।
তার আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আপাতত তার মুক্তিতে বাধা নেই।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ১২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাতটির এজাহারে তার নাম নেই। এক বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।
আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।




