চলমান হাম পরিস্থিতি আগামী মাসের (মে) মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ লক্ষ্যে দেশের শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনার জোরালো কার্যক্রম চালানো হচ্ছে।
রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর মধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। অনেক এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে।
হামের টিকা কার্যক্রম শুরু করা প্রথম ৩০টি উপজেলায় বর্তমানে কোনো রোগী নেই বলে জানান তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, টিকা হাতে পাওয়ার পর দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করা হয়নি। আগামী ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি ছিল। কিন্তু আমরা তা ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করেছি।
তার দাবি, হাম প্রতিরোধে গত ছয় বছর শিশুদের কোনো টিকা দেওয়া হয়নি।
ইউনিসেফ, গ্যাভি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আমেরিকা যৌথভাবে যদি সহযোগিতা না করত, তাহলে দেশের এই মানচিত্র আজ অন্যরকম হতে পারত, বলছেন সাখাওয়াত হোসেন।




