
দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ সহায়তা পাবে। আবেদনের নির্ধারিত সময় আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের সময় ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টের ঠিকানায় পাঠানোর প্রয়োজন নেই।
নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের আগের শ্রেণিতে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০-এর ক্ষেত্রে ৩.৫০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে। এ ছাড়া আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।
এ ছাড়া বিশেষ ক্ষেত্রে এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় প্রমাণক জমা দিতে হবে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বলেছে, আবেদনের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধন সনদ, মা-বাবার এনআইডি কার্ড, এক কপি ছবি এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের স্পষ্ট কপি আপলোড করা বাধ্যতামূলক।
ভর্তি আবেদন-সংক্রান্ত যেকোনো তথ্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) নির্দিষ্ট হেল্পলাইন নম্বরগুলোয় (০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬) যোগাযোগ করার জন্য বলা হয়েছে।




