ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নে `সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে উৎপাত শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঢাবি ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। এ সময় তিনি সচেতন শিক্ষার্থী ও দেশের তরুণদের কাছে এ নিয়ে বিচার দেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এসব কথা বলেন।
পোস্টে হামীম লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই অসভ্য শিক্ষার্থী দলীয় ও ষড়যন্ত্রমূলক এজেন্ডা বাস্তবায়নে `সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে উৎপাত শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিচার দিলাম, আপনারা বলুন এই যে নির্বাচিত জননেতা জনাব তারেক রহমান তার নাম ধরে ১০ জন নিয়ে শ্লোগান দিচ্ছে দুই অসভ্য। আমি যদি ক্যাম্পাসের ৫০০ ছোট ভাই নিয়ে ওই বেয়াদবদের বাবা-মাকে তুলে স্লোগান দিই, যে এ রকম অসভ্য কেন জন্ম দিয়েছেন, আপনারা জবাব দেন। বিষয়টি কেমন হতো?
দায়বদ্ধতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চাইলে ওদের বাবা-মাকে গালি দিয়েও স্লোগান দিতে পারি, কিন্তু আমি সেটি করব না। কেননা, আমি এমন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়ছি জনগণের টাকায়। তাই, দেশের প্রতি আমার দায়বদ্ধতা আছে যে দায়বদ্ধতা এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমার অর্জিত জ্ঞান-মেধা-চলন/বলনে প্রকাশ করা কর্তব্য।’
‘কিন্তু, এই দুই অসভ্যের যে মতি-গতি, এরা নিশ্চিত কোন রাষ্ট্রের এজেন্ট, যারা দেশের এই পরিবর্তন ও জনগণের সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর চেয়েছিল না। নতুবা, যার নেতৃত্বে ২১১টি আসনে জনগণ আস্থা রাখলেন, তার বিরুদ্ধে এভাবে বাজে স্লোগান দেবেই বা কেন?’
বিচার দিয়ে তানভীর বারী হামিম বলেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী ও দেশের তরুণ সমাজ, আজ আপনাদের কাছে দুই অসভ্যকে নিয়ে বিচার দিলাম।’




