
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য তুরস্কে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ইরাসমাস+ স্টুডেন্ট মোবিলিটি কর্মসূচির আওতায় এ সুযোগ দিচ্ছে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বহিঃসম্পর্ক দপ্তর (আইসিইএ) থেকে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইরাসমাস+ কেএ ১৭১ প্রকল্পের আওতায় ২০২৬ সালের সেমিস্টারে একজন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। কর্মসূচিটি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নোবিপ্রবির এসিসিই, অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস, বিজিই, ইইই, ইকোনমিকস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সিএসটিই/আইসিই, এফটিএনএস ও টিএইচএম বিভাগের ২০২১-২২ এবং ২০২২-২৩ সেশনের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বর্তমান সেমিস্টারে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫০ থাকতে হবে। তবে আইইএলটিএস-এ ৬ বা টিওইএফএল-এ নির্ধারিত স্কোর থাকলে সিজিপিএ ৩ দশমিক ৩৫ পর্যন্ত শিথিল করা হতে পারে। এ ছাড়া আবেদনকারীদের ইংরেজিতে দক্ষ ও ভালো নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৮ মে-এর মধ্যে নির্ধারিত আবেদনপত্র, বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ইমেইলে পাঠাতে হবে। আবেদন পাঠানোর সময় আন্তর্জাতিক সহযোগিতা দপ্তরের ইমেইল ঠিকানায় সিসি দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাডেমিক কাগজপত্র ও পাসপোর্ট কপি একত্রে একটি পিডিএফ ফাইলে এবং গবেষণাপত্র ও সহশিক্ষা কার্যক্রমের সনদ আলাদা ফাইলে পাঠাতে হবে। নির্বাচনসংক্রান্ত সব সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বলে উল্লেখ করা হয়েছে।




