
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক দিনে দুই গুরুত্বপূর্ণ পদে অব্যাহতি ও পদত্যাগের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। একই দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার।
রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দেওয়া এক পদত্যাগপত্রে ড. রাহাত হোসাইন ফয়সাল প্রক্টর পদ ছাড়ার সিদ্ধান্ত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক। এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে তাকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল।
পদত্যাগপত্রে ড. রাহাত হোসাইন ফয়সাল উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে প্রক্টর পদ থেকে সরে দাঁড়াতে চান। তবে পদত্যাগের নির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর কায়ছার ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কাছে লিখিতভাবে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হন ড. তানভীর কায়ছার। মেয়াদ শেষ হলেও ওই ক্যাটাগরিতে নতুন সদস্য মনোনয়ন না হওয়ায় তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।
চলমান শিক্ষক পদোন্নতি ইস্যুর মধ্যেই এই দুই গুরুত্বপূর্ণ পদে অব্যাহতি ও পদত্যাগের ঘটনা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একই দিনে প্রক্টরের পদত্যাগ এবং সিন্ডিকেট সদস্যের অব্যাহতির আবেদন বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।




