
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে মাঝেমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সর্বশেষ মঙ্গলবার (৫ মে) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হলের ৫২৫ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।
এ ঘটনা নিয়ে গত দুই মাসে তিনবার অগ্নিকাণ্ড হয়েছে, এতে শিক্ষার্থীরা আতঙ্কে দিন পার করছেন।
শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৫২৫ নম্বর কক্ষের বাসিন্দা যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক বলেন, আমার এক নিকটাত্মীয় রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতে আমার দুই রুমমেটসহ তাকে দেখতে যাই। ভোর সাড়ে ৪টার দিকে রুমে ফিরে এসে দেখি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমার ল্যাপটপটি পুড়ে গেছে। ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী পুড়ে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্টাসহ প্রায় চার থেকে পাঁচটি অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীরা বলেন, মাঝেমধ্যেই হলে আগুন লেগে প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাচ্ছে, দ্রুত আগুন নেভানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে, এমন চলতে থাকলে পুরো হলে আগুন লেগে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা খুব আতঙ্কে আছি।
এর আগে গত ২৬ এপ্রিল ভোরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল হামিদ হলের ৩১৬ নম্বর কক্ষে ল্যাপটপের কিবোর্ডের শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে শিক্ষার্থীরা হলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হলের ১০৪ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শেরে বাংলা এ কে ফজলুল হক হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, ঘটনার খবর পেয়ে সকালে আমরা ওই রুম পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। শিক্ষার্থীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের অসতর্কতার কারণে এমন আগুন লাগার ঘটনা ঘটছে। আমরা মাঝেমধ্যে এসব চেকআপ করি। আমরা আবার হল পরিদর্শনে যাব, এর কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেব। আবাসিক হলের সমস্যা সমাধানে আমরা তৎপর।




