রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের।
সোমবার (২৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ডাইনিংয়ের টেবিলগুলোতে খাবারের দাগ ও রেক্সিন স্যাঁতস্যাঁতে হয়ে আছে। অনেক টেবিল দীর্ঘসময় পরিষ্কার করা হয় না। মেঝেও অপরিষ্কার অবস্থায় পড়ে থাকে। এ ছাড়া ডাইনিংয়ের চারপাশের জানালাগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।
-17773003225550.jpeg)
শিক্ষার্থীরা জানান, ডাইনিংয়ের চেয়ার-টেবিল হল প্রতিষ্ঠার পর থেকে আর পরিবর্তন করা হয়নি। টেবিলের ওপরের রেক্সিনও দীর্ঘদিন ধরে পরিবর্তন করা হয়নি। মাঝে মাঝে রেক্সিনের ওপর পানি জমে থাকে, যার কারণে সেখানে প্লেট রেখে স্বাভাবিকভাবে খাওয়া যায় না। খাওয়ার রুচিও থাকে না।

শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, ডাইনিংয়ের পরিবেশের আরও উন্নতি প্রয়োজন। টেবিলগুলো একদম নোংরা হয়ে পড়ে থাকে। অনেক ট্যাপ নষ্ট হয়ে পড়ে আছে, আশপাশও অপরিচ্ছন্ন। মাঝেমধ্যে সাবানও পাওয়া যায় না। বেশ কয়েকটি চেয়ার নড়বড়ে অবস্থায় রয়েছে। এগুলো কি হল কর্তৃপক্ষ দেখে না?
-17773004663410.jpeg)
তিনি আরও বলেন, খাবারের গুণগতমানও আরও বাড়ানো প্রয়োজন। নিয়মিত একই ধরনের সবজি দেওয়া হচ্ছে, এতে স্বাস্থ্যগত চাহিদা পূরণ হচ্ছে না। আমরা চাই না ভবিষ্যতে ডাইনিং নিয়ে অভিযোগ দিতে হোক। সুষ্ঠুভাবে তদারকি করে পদক্ষেপ নিলে এসব সমস্যা থাকবে না বলে আশা করি।
আরেক আবাসিক শিক্ষার্থী মো. শামিম হোসেন বলেন, একজন খেয়ে যাওয়ার পর সেই প্লেট ভালোভাবে পরিষ্কার করা হয় না। একটি বড় গামলার পানিতে প্লেট ডুবিয়ে শুধু ময়লা ফেলে আবার সেটিতেই অন্যজনকে খাবার দেওয়া হয়। বেসিনও অনেক সময় নোংরা থাকে। ঠিকমতো পরিষ্কার করা হয় না। হাত মোছার জন্য যে কাপড় রাখা থাকে, সেটাও পরিষ্কার থাকে না।
এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে হলের সহকারী রেজিস্ট্রার মো. আল আমিন বলেন, টেবিলের ওপরের রেক্সিন পরিবর্তনের জন্য প্রভোস্ট স্যাররা একটি পরিকল্পনা করেছেন। এটি শিগগিরই পরিবর্তন করা হবে। এ ছাড়া জরাজীর্ণ জানালা পরিবর্তনের জন্য আমরা প্রশাসনের কাছে চিঠি দিয়েছিলাম, তবে এখনও সাড়া পাইনি।




