ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদকে তার মা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক নিজেই মায়ের পরামর্শগুলো তুলে ধরেন।
তিনি বলেন, আমার মা আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এর আগে তিনি কখনই এ ধরনের কথা বলেননি। অনেক আবেগ-আপ্লুত হয়ে তিনি বলেছেন, তোমার কথা বলার মধ্যে যেন আরেকটু শালীনতা থাকে। যত যাইহোক প্রত্যেককে তার পর্যাপ্ত সম্মান দিয়ে তারপর যেন কথাগুলো বলা হয়।
মোসাদ্দেক ইবনে আলী আরও বলেন, মা বলছেন প্রত্যেককে প্রোপার রেসপেক্ট দিয়ে কথা বলতে। বয়সে বড় হলে শ্রদ্ধা, ছোট হলে স্নেহ করতে। একই সঙ্গে খুবই মার্জিত ভাষায় যাতে কথা বলি এবং প্রতিবাদ জানাই। মমতার জায়গা থেকে আমার মা উপদেশ দিয়েছেন। আমার ভাষা যাতে আরও মার্জিত হয়, আরও সংযুক্ত হয়, সুন্দর ও গোছাল হয়। আমি যাতে আরও বেশি বেশি সাহিত্য পড়ি, কথার মধ্যে যাতে আরও বেশি তথ্য থাকে— এসব ব্যাপারে আমার মা আমাকে পরামর্শ দিয়েছেন।
মায়ের পরামর্শগুলো পালন করার চেষ্টা করছেন জানিয়ে ডাকসু নেতা বলেন, আমার পরিবার আমার মাধ্যমে অনেক কষ্ট পেয়ে থাকেন। তবুও স্বস্তি পাই—পরিবার কষ্ট পেলে আমার কথার মাধ্যমে কেউ না কেউ স্বস্তির জায়গা খুঁজে পায়। কারও জন্য যদি কিছু করতে পারি, কাউকে যদি আঘাত থেকে বাঁচাতে পারি অথবা কারও উপকার করতে পারলে আমার বাবা-মার কষ্ট সার্থক হয়ে গেছে।
‘ভুয়া ও বানোয়াট’ স্ক্রিনশটের ভিত্তিতে প্রাণনাশের আশঙ্কায় বৃহস্পতিবার শাহবাগ থানায় জিডি করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন মোসাদ্দেকসহ ডাকসুর একাধিক নেতা ও সাংবাদিকরা।




