ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচন সর্বশেষ
Live Icon ●LIVE

বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু ‎

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ২১ মে ২০২৫, ১৮:৩২
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের সামনেই বজ্রপাতে মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত শাকিল আকন উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসু আকনের ছেলে।

‎মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আকাশ মেঘলা দেখে বৃষ্টির আশঙ্কা করে নিহত শাকিল আকন তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এ সময় নিহত শাকিল আকনের মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলতে ছিলেন। শাকিল মাঠে গরু আনার উদ্দেশ্যে রওনা করলে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝে তিনি নিহত হন। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।