
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এআইইউবি) অত্যাধুনিক এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ল্যাবটির উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।
প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এআইইউবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ল্যাবটিতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক এনভিআইডিআইএ ডিজিএক্স স্পার্ক সিস্টেম, যা সর্বোচ্চ ১ পেটাফ্লপ ক্ষমতায় এআই প্রক্রিয়াকরণ করতে সক্ষম। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা বৃহৎ পরিসরের এআই মডেল—যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম—নিয়ে কাজ করার সুযোগ পাবেন। এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা এআই ইঞ্জিনিয়ারিংয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে ‘সোভরেইন এআই’ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।
পাশাপাশি স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি এবং বস্ত্রশিল্পসহ বিভিন্ন খাতে গবেষণায় এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ দেশের এআই গবেষণা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ উদ্ভাবকদের বিশ্বমানের কম্পিউটেশনাল সুবিধা ব্যবহারের সুযোগ করে দেবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, অ্যাসোসিয়েট ডিন, রেজিস্ট্রার, পরিচালক, বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




