
নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটনের ‘গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাপী ওয়ালটনের বিজনেস পার্টনার নেটওয়ার্ককে আরও শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে নেপাল ও বাংলাদেশ থেকে প্রায় আড়াই শতাধিক ডিস্ট্রিবিউটর বা ব্যবসায়িক সহযোগী অংশগ্রহণ করেন। বিশ্বের শতাধিক দেশে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা সামনে রেখে এই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গত বুধবার (২৯ এপ্রিল) কাঠমান্ডুর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ভার্চুয়ালি এই সম্মেলনে যুক্ত হয়ে ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ব্যবসায়িক সহযোগীদের সফলতার প্রশংসা করে এস এম মাহবুবুল আলম তার বক্তব্যে বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, ওয়ালটনের প্রতি ভালোবাসার ফলে আজ আমরা বিশ্বজুড়ে এগিয়ে যাচ্ছি। ওয়ালটন ইতোমধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে। বিশ্বজুড়ে আমাদের এই ক্রমবর্ধমান উপস্থিতি আমাদের পণ্যের সর্বজনীন আবেদন এবং বিশ্বব্যাপী গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের দৃঢ় সক্ষমতাকে প্রতিফলিত করে। আমরা বিশ্বজুড়ে ১০০টি দেশে ওয়ালটনের পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নে দ্রুত এগিয়ে চলেছি।
সম্মেলনে নেপালে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান থাপা বিজনেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপা এবং জেনারেল ম্যানেজার সুরেন্দ্র পোখরেল উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ালটন হাই-টেকের কর্মকর্তাদের মধ্যে ভাইস-চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর শাহজাদাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোয়েব আহমেদ, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম এবং ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান ওয়ালটনের সর্বাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি নতুন ১৮টি মডেলের ফ্রিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। এই নতুন মডেলগুলোর মধ্যে নেপালের বাজারের চাহিদার কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা ১৬৫ লিটারের একটি সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর প্রদর্শন করা হয়, যা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়িয়েছে।




