
মা দিবস উপলক্ষে কর্মীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন এক উদ্যোক্তা। তিনি কর্মীদের বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য দিয়েছেন তিন দিনের বেতনসহ ছুটি এবং ভ্রমণ ভাতা।
ভারতের দিল্লির একটি মার্কেটিং ও পিআর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজত গ্রুভার সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি জানান, আধুনিক ব্যস্ত জীবনে অনেক সন্তানই বাবা-মায়ের স্বপ্ন, ইচ্ছা কিংবা শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার সময় পান না। তাই কর্মীদের বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে উৎসাহ দিতেই এই উদ্যোগ। তথ্য এনডিটিভি
ভিডিওতে রাজত গ্রোভার বলেন, ‘আমরা সকালে বের হই, রাতে বাসায় ফিরি। কিন্তু অনেক সময় বাবা-মায়ের সঙ্গে ঠিকমতো কথা বলারও সুযোগ হয় না। তারা কী চান, কোথায় যেতে চান কিংবা তাদের শরীর কেমন আছে, সেটাও আমরা অনেক সময় জানি না।’
এরপর তিনি কর্মীদের উদ্দেশে বলেন, বাবা-মায়ের পছন্দের খাবার বা তারা কোথায় ঘুরতে যেতে চান, তা জিজ্ঞেস করুন। তারপর টিকিট বুক করুন, ব্যাগ গুছিয়ে তিন দিনের জন্য তাদের নিয়ে ঘুরতে যান। এই ছুটি কোম্পানির পক্ষ থেকে বেতনসহ দেওয়া হবে এবং ১০ হাজার রুপি (প্রায় ১৩ হাজার টাকা) পর্যন্ত খরচও ফেরত দেওয়া হবে।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আমাদের বাবা-মা তাদের সময়, স্বপ্ন আর পরিশ্রম আমাদের জন্য দিয়েছেন, বিনিময়ে কিছুই চাননি।
তিনি আরও লেখেন, হয়তো এখন সময় এসেছে তাদের একটি প্রশ্ন করার, জীবনে এমন কী করতে চেয়েছিলেন যা কখনও করা হয়নি? এরপর চুপচাপ সেটি বাস্তবায়ন করার।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন এই উদ্যোক্তা।
একজন মন্তব্য করেন, বর্তমান করপোরেট দুনিয়ায় এমন মানসিকতার মানুষ খুব কম দেখা যায়। সত্যিই দারুণ উদ্যোগ।
আরেকজন লেখেন, যদি পুরো পৃথিবীর প্রতিষ্ঠানগুলো এমনভাবে ভাবতে শুরু করত, তাহলে কর্মক্ষেত্র আরও মানবিক হয়ে উঠত।
আরেক ব্যবহারকারী বলেন, কর্মীদের মানসিক স্বস্তি ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব বোঝানোর জন্য এটি চমৎকার উদাহরণ। সুন্দর কর্মপরিবেশ কর্মীদের কাজের দক্ষতাও বাড়ায়।
অনেকেই মনে করছেন, বড় বড় করপোরেট প্রতিষ্ঠান যেখানে এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবেনি, সেখানে এই উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা হতে পারে।



