
আজ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
বুধবার (৬ মে) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি লিখেছেন, সকাল সাড়ে ১০টার পর থেকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে ঝড়টি বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর এটি পূর্বদিকে অগ্রসর হয়ে দুপুর ২টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, রংপুর বিভাগের সব জেলা এবং রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ দিয়ে ঝড়টি অতিক্রম করার পর বিকেলের দিকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়তে পারে। অনেক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে অবস্থান না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাঠে কাজ করা থেকে বিরত থাকা উচিত। বজ্রপাত প্রাণঘাতী হতে পারে এবং তা পরিবারে অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, আজকের পর রংপুর বিভাগের জেলাগুলোতে এক সপ্তাহের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যেতে পারে।




