
উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত ‘পুল অ্যান্ড স্নুকার র্যাংকিং টুর্নামেন্ট ২০২৬’। ১ মে টুর্নামেন্ট শুরু হয়। চলবে ২১ মে পর্যন্ত। প্রয়োজনে সময় আরও বাড়তে পারে বলে এশিয়া পোস্টকে জানায় আয়োজক কমিটি।
বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের নিজস্ব স্পোর্টস জোনে ১ মে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য (স্পোর্টস) আবু সালেহ মো. সায়েমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে ক্লাবের দক্ষ খেলোয়াড়রা শীর্ষ র্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে কিউ স্পোর্টসের দুটি জনপ্রিয় ফরম্যাটে—৯-বল পুল এবং ১০-রেড বল স্নুকার। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের গতি, কৌশল ও নিখুঁত নিশানার দক্ষতা পরীক্ষিত হবে।
নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় টুর্নামেন্টটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলে জানায় আয়োজক কমিটি।
টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ কিউ স্পোর্টসের প্রসারের পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক বন্ধন এবং প্রতিযোগিতামূলক উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম—যা ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে।




