অবিলম্বে গণভোটের দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথ ও সংসদ— উভয় ক্ষেত্রেই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ, ‘সেমিনার ও গোলটেবিল বৈঠকসহ নানা কর্মসূচি শুরু হয়েছে। রাজপথের পাশাপাশি আমাদের নেতারা জাতীয় সংসদেও লড়াই করবেন। জুলাই বিপ্লবের রক্তের উপযুক্ত মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।’
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘৫ আগস্টের বিপ্লব থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। দুর্নীতি দমন কমিশন ও প্রধান বিচারপতি নিয়োগসহ প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারই হলো রাষ্ট্রের মূল কাঠামো। এগুলো সংস্কার না করলে দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়ার ঝুঁকিতে পড়বে।’
তিনি আরও বলেন, ‘জনগণ ইতোমধ্যে ভোটের মাধ্যমে তাদের রায় জানিয়ে দিয়েছে। গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন এবং দ্রুত তা বাস্তবায়ন করুন। জুলাইয়ের আহত ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এই সংস্কার অপরিহার্য।’
বিপ্লবের দেড় বছর পরও কেন শহীদদের বিচার ও সংস্কারের জন্য অপেক্ষা করতে হচ্ছে— এমন প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘বিলম্ব না করে পার্লামেন্টে সংবিধান সংস্কারের প্রস্তাব তপশিলভুক্ত করুন। অন্যথায় জাতি যদি আবারও আন্দোলনের পথে পা বাড়ায়, তবে তার পরিণতি অত্যন্ত নির্মম হতে পারে।’
সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে গণতন্ত্রের স্থায়ী রূপরেখা নিশ্চিত করতে দ্রুত গণভোটের দাবি পুনরুল্লেখ করেন।




