জাতীয় সংসদে অধিবেশন শুরুর আগে থেকেই ডকুমেন্টস না দেওয়ায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল, ২০২৬’ সংসদে সর্বসম্মতিক্রমে পাসের পর স্পিকার বিরোধীদলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমি তো অর্থনীতির ছাত্র না। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন ওপরে হাত তুলব না নিচে নামাব, এটাও বুঝতে পারি নাই।
তিনি আরও বলেন, এখন যদি সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝেই 'হ্যাঁ' বলি, এটা হবে অপরাধ। যদি না বুঝে 'না'-ও বলি, এটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। আমাদের অবস্থান এখন তাই।
তিনি আরও বলেন, আমি জানি না এখানে বিজ্ঞ সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন। যার কারণে কাগজ দেখা মাত্র ভেতরে কী আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন। আমরা বুঝতে পারিনি মাননীয় স্পিকার। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কী করব, আমাদেরকে একটা পরামর্শ দেন।
বিরোধীদলীয় নেতা বলেন, আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে দুটি বিষয়ে অনুরোধ করেছিলাম। একটা হলো ১৩৩টি অধ্যাদেশের সবগুলো এখানে আসবে। আরেকটি বিষয় ছিল, তিন দিন আগে আমাদের ডকুমেন্টগুলো দেওয়ার কথা।
তিনি বলেন, সমস্যা ও বাস্তবতা বিবেচনা করে বলা হয়েছিল, ন্যূনতম এক দিন আগে দেওয়া হবে। কিন্তু আমি তো অর্থনীতির ছাত্র না। এতগুলো ডকুমেন্ট টেবিলে আসার পর আমাকে দেওয়া হয়েছে।




