জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বাড়ানো হয়েছে। এতে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে এবং গণতান্ত্রিক চর্চা সম্পর্কে ধারণা লাভ করবে।
আগে যেখানে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ ছিল, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৫০টি।
শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের প্রেক্ষিতে দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার ব্যবস্থা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, সংসদে দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ বাড়াতে শিক্ষামন্ত্রী স্পিকারের কাছে লিখিত আবেদন জানান। স্পিকার সে আবেদন মঞ্জুর করেছেন।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।’
শিক্ষামন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন চালুর আগে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্যশৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।




