প্রাচীন ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র আছে, যাদের নাম শুনলেই কৌতূহল জাগে। প্রাচীন মিশরের ক্লিওপেট্রা তাদেরই একজন। তাকে ঘিরে আছে রহস্য, প্রেম, রাজনীতি আর ক্ষমতার গল্প। কিন্তু আসল প্রশ্ন হলো, ইতিহাসের সেই ক্লিওপেট্রা আসলে কে ছিলেন?
ক্লিওপেট্রা সপ্তমকে নিয়ে বহু গল্প প্রচলিত। কেউ বলেন তিনি অপরূপ সুন্দরী ছিলেন, আবার কেউ তা মানতে চান না। তবে একটি বিষয়ে ইতিহাসবিদরা মোটামুটি একমত যে, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এবং রাজনৈতিকভাবে খুবই কৌশলী।
প্রাচীন মিশরের শেষ ফারাও হিসেবে তিনি এমন এক সময়ে ক্ষমতায় আসেন, যখন রোমান সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করছিল। এই কঠিন বাস্তবতায় টিকে থাকতে তিনি নিজের বুদ্ধি, সম্পর্ক এবং প্রভাব সবই কাজে লাগান।
খ্রিস্টপূর্ব ৬৯ সালে জন্ম নেওয়া ক্লিওপেট্রা ছিলেন মিশরের রাজা টলেমি দ্বাদশের মেয়ে। তিনি গ্রিক বংশোদ্ভূত টলেমীয় রাজবংশের সদস্য ছিলেন, যারা কয়েক শতাব্দী আগে মিশর শাসন শুরু করেছিল।
যদিও তাদের শাসনব্যবস্থা ছিল গ্রিক ধাঁচের, তবুও ক্লিওপেট্রা ছিলেন ব্যতিক্রম। তিনি শুধু গ্রিক ভাষাই নয়, মিশরীয় ভাষাও শিখেছিলেন, যা তাকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে সাহায্য করে।
পিতার মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে ক্লিওপেট্রা সিংহাসনে বসেন। শুরুতে তিনি তার ছোট ভাই টলেমি ত্রয়োদশের সঙ্গে যৌথভাবে শাসন করেন এবং প্রথা অনুযায়ী তাকে বিয়েও করেন।
কিন্তু ক্ষমতার লড়াই দ্রুতই শুরু হয়। দুই ভাইবোন আলাদা গোষ্ঠী তৈরি করে এবং গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্লিওপেট্রাকে মিশর ছেড়ে পালিয়ে যেতে হয়।
এই সংকটময় সময়ে ক্লিওপেট্রা সাহায্যের জন্য রোমান নেতা জুলিয়াস সিজারের শরণাপন্ন হন। তাদের মধ্যে বয়সের বড় পার্থক্য থাকা সত্ত্বেও, তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
সিজারের সহায়তায় ক্লিওপেট্রা আবার সিংহাসন ফিরে পান। তার ভাই টলেমি ত্রয়োদশ পালাতে গিয়ে নীল নদে ডুবে মারা যান। এরপর ক্লিওপেট্রা আরেক ভাইকে সহশাসক বানান এবং সিজারের সন্তানের জন্ম দেন বলে ধারণা করা হয়, যার নাম ছিল সিজারিয়ন।
কিন্তু ৪৪ খ্রিস্টপূর্বে সিজার নিহত হলে পরিস্থিতি আবার বদলে যায়।
সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রার সম্পর্ক গড়ে ওঠে আরেক রোমান নেতা মার্ক অ্যান্টনির সঙ্গে। তিনি মিশরের সঙ্গে জোট বজায় রাখতে ক্লিওপেট্রার সঙ্গে দেখা করতে চান।
ক্লিওপেট্রা জাঁকজমকপূর্ণ আয়োজন করে তার সঙ্গে দেখা করেন এবং অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অ্যান্টনি আলেকজান্দ্রিয়ায় এসে তার সঙ্গে থাকতে শুরু করেন।
এই সম্পর্ক শুধু প্রেম নয়, ছিল রাজনৈতিক কৌশলও। তবে এই সম্পর্কই শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়।
রোমে তখন ক্ষমতার লড়াই চলছে। অ্যান্টনি ও অক্টাভিয়ান মুখোমুখি অবস্থানে চলে আসেন। খ্রিস্টপূর্ব ৩১ সালে অ্যাক্টিয়ামের যুদ্ধে অ্যান্টনি পরাজিত হন।
পরাজয়ের পর হতাশ হয়ে অ্যান্টনি আত্মহত্যা করেন। ক্লিওপেট্রাও বুঝতে পারেন, তাকে বন্দি করে রোমে অপমানজনকভাবে প্রদর্শন করা হতে পারে। এই পরিস্থিতি এড়াতে তিনিও আত্মহত্যা করেন, সম্ভবত বিষ প্রয়োগ করে।
তার মৃত্যুর মধ্য দিয়ে টলেমীয় রাজবংশের অবসান ঘটে এবং মিশর রোমান শাসনের অধীনে চলে যায়।
ক্লিওপেট্রার মৃত্যু নিয়ে নানা গল্প রয়েছে। অনেকে বলেন, তিনি একটি বিষধর সাপ দিয়ে আত্মহত্যা করেছিলেন, তবে এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। তার সমাধিও এখনও খুঁজে পাওয়া যায়নি।
তার চেহারা কেমন ছিল, সেটিও স্পষ্ট নয়। কিছু প্রাচীন মুদ্রায় তাকে সাধারণ চেহারার নারী হিসেবে দেখা যায়, আবার কোথাও তাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
তার জাতিগত পরিচয় নিয়েও বিতর্ক রয়েছে। আসলে সেই সময়ের সমাজে আজকের মতো করে জাতিগত ধারণা ছিল না।
ক্লিওপেট্রাকে নিয়ে ইতিহাসে তথ্য কম, কিন্তু গল্প বেশি। আলেকজান্দ্রিয়ার বিখ্যাত গ্রন্থাগার ধ্বংস হয়ে যাওয়ায় তার সময়ের অনেক তথ্য হারিয়ে গেছে।
প্রাচীন ইতিহাসবিদ প্লুটার্ক তার সম্পর্কে লিখেছিলেন, তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বের অধিকারী। যদিও তিনি ক্লিওপেট্রার মৃত্যুর অনেক বছর পরে এই বর্ণনা দেন।
ক্লিওপেট্রা শুধু একজন রানি ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী শাসক। তিনি বুঝতেন ক্ষমতার খেলা কীভাবে কাজ করে, এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেন।
তার জীবন নিয়ে অনেক প্রশ্নের উত্তর আজও অজানা। তবুও এ কথা নিশ্চিত, তিনি এমন একজন নারী ছিলেন, যিনি নিজের সময়কে প্রভাবিত করেছিলেন এবং মৃত্যুর দুই হাজার বছর পরেও মানুষের কৌতূহল জাগিয়ে রাখছেন।
ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই রহস্যময় রানি আজও আমাদের মনে প্রশ্ন জাগায়; ক্লিওপেট্রা আসলে কতটা মানুষ, আর কতটা কিংবদন্তি?
সূত্র : ন্যাশনাল জিওগ্রাফিক




