কারও সঙ্গে হাত মেলানো, খাবার এগিয়ে দেওয়া কিংবা উপহার দেওয়ার সময় আমরা সাধারণত কোন হাত ব্যবহার করছি, তা অনেকেই খেয়াল করি না। কিন্তু বিশ্বের অনেক দেশে বাঁ হাত ব্যবহারকে অশোভন বা অসম্মানজনক হিসেবে দেখা হয়। তাই ভিন্ন সংস্কৃতি ও সামাজিক নিয়ম বুঝে চলা জরুরি।
বাঁ হাত নিয়ে প্রচলিত ধারণা
বিশ্বের প্রায় ১০ থেকে ১২ শতাংশ মানুষ বাঁ হাতি। অনেক ক্ষেত্রে এটি স্বাভাবিক ও সুবিধাজনক হলেও, কিছু সংস্কৃতিতে বাঁ হাতকে নেতিবাচকভাবে দেখা হয়। এর মূল কারণ ঐতিহ্যগতভাবে বাঁ হাতকে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত বলে মনে করা হয়। ফলে খাবার দেওয়া, টাকা নেওয়া বা কারও স্পর্শ করার ক্ষেত্রে বাঁ হাত ব্যবহার অনেক জায়গায় অশোভন বলে ধরা হয়।

বিশ্বের প্রায় সব জায়গাতেই করমর্দনের জন্য ডান হাত ব্যবহার করা হয়। বাঁ হাতে হাত মেলানো অনেক সময় অসম্মান বা অশিষ্ট আচরণ হিসেবে ধরা হয়। তবে বিশেষ পরিস্থিতিতে ডান হাত ব্যবহার সম্ভব না হলে ব্যতিক্রম হতে পারে।

গাড়ির বাঁ পাশের দরজা বাঁ হাতে খুললে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে সাইকেল আরোহীদের জন্য। ডান হাত দিয়ে দরজা খুললে শরীর ঘুরে যায় এবং রাস্তার দিকটি ভালোভাবে দেখা যায়।

ইশারা ভাষায় সাধারণত একটি নির্দিষ্ট হাত ব্যবহার করা হয়। বারবার হাত পরিবর্তন করলে বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে।

অনেক দেশে খাবার টেবিলে ডান দিক দিয়ে খাবার বা পানীয় দেওয়ার নিয়ম রয়েছে। এতে টেবিলে শৃঙ্খলা বজায় থাকে।

ইথিওপিয়া, ভারত, ঘানাসহ অনেক দেশে হাতে খাওয়ার সময় শুধু ডান হাত ব্যবহার করা হয়। বাঁ হাত ব্যবহারকে অশোভন মনে করা হয়।

এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাঁ হাতে উপহার, টাকা বা গুরুত্বপূর্ণ কাগজপত্র দেওয়া অসম্মানজনক হিসেবে দেখা হয়।

ভারতে ডান হাতকে পবিত্র ও সম্মানের প্রতীক হিসেবে ধরা হয়। তাই খাবার, টাকা বা উপহার দেওয়া-নেওয়ার সময় ডান হাত ব্যবহার করাই ভদ্রতা।

আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে বাঁ হাতে হাত নেড়ে শুভেচ্ছা জানানোও অশোভন মনে করা হয়।

জাপানি লেখায় বাঁ হাত ব্যবহার নিষিদ্ধ নয়, তবে এতে লেখা কিছুটা কঠিন হতে পারে। কারণ লেখার ধরন ডান হাতের জন্য বেশি উপযোগী।

চীনে বাঁ হাত ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা ছিল। অনেক ক্ষেত্রে শিশুদের ডান হাত ব্যবহার শেখানো হয়। যদিও শহরাঞ্চলে এই প্রবণতা ধীরে ধীরে কমছে।
বাঁ হাত ব্যবহার সবক্ষেত্রে ভুল নয়, তবে অনেক সংস্কৃতিতে এটি সামাজিকভাবে সংবেদনশীল বিষয়। বিশেষ করে বিদেশ ভ্রমণ বা ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশার সময় এসব বিষয় জানা থাকলে অপ্রস্তুত পরিস্থিতি এড়ানো যায়। সম্মান ও ভদ্রতা বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী ডান হাত ব্যবহার করা নিরাপদ ও গ্রহণযোগ্য একটি অভ্যাস।
সূত্র : রিডার্স ডাইজেস্ট




