রেফ্রিজারেটর আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। এটি খাবার সতেজ ও নিরাপদ রাখতে সাহায্য করে। কিন্তু হঠাৎ যদি এটি ঠিকমতো ঠান্ডা না করে, তাহলে তা খুবই বিরক্তিকর হতে পারে। নিচে রেফ্রিজারেটর ঠান্ডা না হওয়ার ৯টি সাধারণ কারণ এবং সেগুলোর সমাধান তুলে ধরা হলো।
নোংরা কনডেনসার কয়েল: ফ্রিজের পেছনে বা নিচে থাকে কনডেন্সার কয়েল, যেটা ফ্রিজের গরম বাতাস বাইরে বের করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে কনডেনসার কয়েলে ধুলা ও ময়লা জমে যায়, ফলে আপনার ফ্রিজার ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এক্ষেত্রে মাসে একবার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্রাশ দিয়ে কিছু দিন পর পর কয়েল পরিষ্কার করুন।
দরজার সিল নষ্ট: ফ্রিজের দরজার চারপাশে থাকা রাবার সিল ঠান্ডা ভেতরে ধরে রাখে। দরজার রাবার সিল ঠিকমতো কাজ না করলে ফ্রিজার ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে যায়। এতে করে ফ্রিজ ঠান্ডা হয় না। এমন মনে গলে আগে সিল পরীক্ষা করুন, পরিষ্কার করুন এবং নষ্ট হলে পরিবর্তন করুন। এছাড়া সপ্তাহে অন্তত একবার ভেজা কাপড় দিয়ে সিল পরিষ্কার করুন। সিল শুকিয়ে গেলে সামান্য ভেসলিন লাগাতে পারেন, এতে এটা নরম ও কার্যকর থাকবে।
এয়ার ভেন্ট ব্লক হওয়া: ফ্রিজ বা ফ্রিজারের ভেতরে কিছু ছোট ছিদ্র বা ভেন্ট থাকে, যেখান দিয়ে ঠান্ডা বাতাস চারপাশে ছড়ায়। কিন্তু আপনি যদি ভেন্টের সামনে খাবার রাখেন, তাহলে ঠান্ডা বাতাস ঠিকমতো ছড়াতে পারে না। ভেন্ট বন্ধ থাকলে ঠান্ডা বাতাস সঠিকভাবে চলাচল করতে পারে না। এর সহজ সমাধান হলো, ভেন্টের সামনে রাখা খাবার বা পাত্র সরিয়ে দিন। খাবার এমনভাবে রাখুন যাতে ভেন্টগুলোর পথ খোলা থাকে। এতে আপনার ফ্রিজ ঠান্ডাও থাকবে, মেশিনও চাপমুক্ত থাকবে।
ভুল তাপমাত্রা সেটিং: অনেক সময় ভুল সেটিংয়ের কারণে ফ্রিজ ঠান্ডা না হওয়ার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ইউজার ম্যানুয়াল দেখে সঠিক তাপমাত্রা সেট করুন।
থার্মোস্ট্যাট সমস্যা: আপনার ফ্রিজের থার্মোস্ট্যাট ঠিকভাবে কাজ না করলে তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় না। এমন হলে মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করে প্রয়োজন হলে পরিবর্তন করুন।
ফ্যান কাজ না করা: ইভাপোরেটর বা কনডেনসার ফ্যান নষ্ট হলে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে না, এতে ফ্রিজ ঠান্ডা হতে পারে না। তাই এমন মনে হলে ফ্যান পরীক্ষা করুন এবং কাজ না করলে পরিবর্তন করুন।
রেফ্রিজারেন্ট লিক: ফ্রিজের গ্যাস লিক হলে ঠান্ডা কমে যায়। এটি নিজে ঠিক না করে পেশাদার টেকনিশিয়ান দিয়ে ঠিক করান।
কম্প্রেসর সমস্যা: কম্প্রেসর নষ্ট হলে পুরো কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায়। এক্ষেত্রেও টেকনিশিয়ানের সাহায্যে পরীক্ষা ও প্রয়োজনে পরিবর্তন করুন।
একেবারে খালি বা একদম ভর্তি করে রাখা: ফ্রিজ একেবারে ফাঁকা রাখলেও সমস্যা, আবার গাদাগাদি করে ভর্তি করলেও সমস্যা। খালি ফ্রিজ ঠান্ডা ধরে রাখতে বেশি শক্তি খরচ করে আর গাদাগাদি হলে বাতাস চলাচলে বাধা পড়ে। এমন হলে ফিজ ঠান্ডা হয় না। তাই অপ্রয়োজনীয় জিনিস বের করে জায়গা ফাঁকা রাখুন।
রেফ্রিজারেটর ঠান্ডা না হওয়ার কারণ আগে বুঝতে পারলে সমাধান করা সহজ হয়। কিছু সমস্যা আপনি নিজেই ঠিক করতে পারবেন, তবে জটিল ক্ষেত্রে অবশ্যই দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত। এতে সময়, টাকা এবং ঝামেলা সবই বাঁচবে।
সূত্র: টিসিএল গাইড
