
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার একটি আদালত আগামী ১৮ জুন নতুন দিন নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১২৬তমবারের মতো পেছানো হলো।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন তদন্তের অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ হাইকোর্ট মামলার তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে সরিয়ে নেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। একইসঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।
তবে নির্ধারিত সময়ের মধ্যেও তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় বাড়ানোর আবেদন করে। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি শেষে হাইকোর্ট টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেন।
এরপরও তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় গত ২৩ অক্টোবর এবং সর্বশেষ ২৬ এপ্রিল আবারও টাস্কফোর্সকে অতিরিক্ত ছয় মাস সময় দেন হাইকোর্ট।




