
দুর্নীতির মামলায় মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক একেএম মর্তুজা আলী সাগর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নূর-ই-আলম চৌধুরী একজন আয়কর দাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র অথবা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
এর আগে ২০২৫ সালের ২৫ মার্চ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৫৭ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৭৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগদখলে রাখেন। তিনি ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৪০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।




