
প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখায় বিদেশের মাটিতে কারাভোগ করতে হয় তাদের।
বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (০৪ মে) এ রুল জারি করেন।
এতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই ২০৮ জনের মধ্যে জুলাই অভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ শ্রমিকও রয়েছেন। ওই ৫৭ জনসহ ২০৮ জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।




