মে মাসের প্রথম দিন প্রকাশ পাচ্ছে গান ‘এমন কেন লাগে’। এতে কণ্ঠ দিয়েছেন আসির আরমান, কম্পোজ ও প্রডিউস করেছেন অভিষেক ভট্টাচার্য এবং গানের কথা লিখেছেন পুলক অনিল।

এটি ‘আজান’ শিরোনামের একটি নাটকের গান। নাটকের গল্পের সঙ্গে মিল রেখেই গানটি তৈরি করা হয়েছে। এ নিয়ে পরিচালক পুলক অনিল এশিয়া পোস্টকে বলেন, ‘প্রেমে পড়লে মানুষের মনের যে অদ্ভুত হাহাকার, অস্থিরতা, অন্য একজনের জন্য হওয়া অচেনা অনুভূতির অভিজ্ঞতা—মূলত ‘আজান’ ফিকশনের সিচুয়েশন এবং মূল চরিত্রদ্বয়ের অনুভূতি প্রকাশের জন্যই এই গানটি তৈরি করা। কারণ, প্রতিটি গানেই আলাদা গল্প থাকে। সেই গল্পটিকে সুর ও গায়কির মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়, যেটি অভিষেক ও আসির দারুণভাবে করেছেন। আশা করছি দর্শক আমাদের এই আয়োজন ভালোভাবে গ্রহণ করবেন।

গানের শিল্পী আসির আরমান নিজের অনুভূতি জানিয়ে এশিয়া পোস্টকে বলেন, আমার অনুভূতি খুবই সহজ। অভিষেক আমার পুরোনো বন্ধু। পুরোনো বন্ধুর সঙ্গে গান করতে ভালোই লাগে। এই গানের মাধ্যমে আমাদের বন্ধুত্বে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। নতুনভাবে আমরা আমাদের মিউজিক্যালিটি এক্সপ্লোর করেছি। তাই কাজটি দারুণ এক বোঝাপড়ার।

গানটির মিউজিক নিয়ে অভিষেক বলেন, গানটি নিয়ে গত বছর পুলক দা আমাকে বলেন, যখন ‘আজান’ নাটকের শুটিং চলছিল। এরপর আমি কাজ শুরু করি, মিউজিক নিয়ে ভাবতে থাকি। দাদা আমাকে কয়েকটি সুরও দেন, যা আমার জন্য সহায়ক ছিল। এরপর আমরা গানের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। তখন কাকে দিয়ে গানটি গাওয়ানো হবে, তা নিয়ে পরিকল্পনা করি। তখনই আমার মাথায় আসিরের নাম আসে। গানটি রেকর্ড করার সময় গিটার বাজিয়েছেন সহজিয়া ব্যান্ডের সজীব হায়দার। পুরো মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার, বেস গিটার বাজিয়েছেন অমিত হাসান রুদ্র। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এ জেড ইশরাক এবং চিত্রগ্রাহক ছিলেন মানতাশা নুহিন। আশা করি, গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালো লাগবে।



